আবারও ‘বেটি বি’ নামরহস্য!
বচ্চন পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য ঐশ্বরিয়া-অভিষেককন্যার নাম নিয়ে আবারও রহস্য তৈরি হয়েছে। গত বছর ১৬ নভেম্বর বচ্চন পরিবারে এ নতুন অতিথির আগমনের পর থেকেই তাকে নিয়ে যেন লুকোচুরি খেলায় মেতেছে পুরো বচ্চন পরিবার।অভিষেক ও ঐশ্বরিয়ার সন্তানকে একনজর দেখার জন্য সবার মধ্যে কৌতূহল থাকা সত্ত্বেও এখন পর্যন্ত জনসমক্ষে আনা তো দূরের কথা তার একটি ছবি পর্যন্ত প্রকাশ করেনি পরিবারটি। সংবাদমাধ্যমগুলো প্রথমে অমিতাভ বচ্চনের নাতনিকে ‘বেটি বি’ নামেই অভিহিত করেছিল। দীর্ঘ প্রতীক্ষার পর জানা গিয়েছিল, আরাধ্য বচ্চন নামে তার নাম জন্মনথিতে উল্লেখ করা হয়েছে। ওয়ান ইন্ডিয়া জানিয়েছিল মুম্বাইয়ের মিউনিসিপ্যাল করপোরেশন থেকে এ নামে জন্মনিবন্ধনও করা হয়েছে। কিন্তু এ নাম নিয়ে যেন রহস্য আর থামছেই না।সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটে আরাধ্যের দাদা অমিতাভ বচ্চন ও বাবা অভিষেক এ নামের ব্যাপারে ক্রমাগত দাবি জানিয়ে আসছেন যে এ ধরনের কোনো নাম তাঁরা রাখেননি।এখনো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোয় অমিতাভ বচ্চন তাঁর ছেলে অভিষেক ও পুত্রবধূ ঐশ্বরিয়ার সন্তানকে ‘লিটল ওয়ান’ অথবা বেটি নামেই সম্বোধন করছেন। তাঁদের দাবি, আরাধ্য নামটি নিয়ে যে গুজব উঠেছে, সেটা পুরোপুরি ভিত্তিহীন।অনেকেই বলছেন বেটি বির নামটি প্রথম দিকে বচ্চনদের মনে ধরলেও হয়তো এখন তাঁরা এ নিয়ে দ্বিতীয় চিন্তায় আছেন। কে জানে সামনে আবার কোন নামে পরিচিত হতে যাচ্ছে বেটি বি ওরফে লিটল ওয়ান ওরফে আরাধ্য বচ্চন!