আবারও ‘ব্যাচেলর’ মারজুক রাসেল
মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ব্যাচেলর, দ্য ফ্যামিলি’ দীর্ঘ ধারাবাহিকে ব্যাচেলর মাসুদ চরিত্রে অভিনয় করছেন গীতিকার ও অভিনয়শিল্পী মারজুক রাসেল। এর আগে মারজুক মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের পাঁচ ব্যাচেলরের একজন হিসেবে অভিনয় করেছিলেন। ‘ব্যাচেলর দ্য ফ্যামিলি’ ধারাবাহিকটি প্রসঙ্গে মারজুক রাসেল জানিয়েছেন, ‘খুবই মজার একটি নাটক বানিয়েছেন রাজ। এই নাটকে আমার চরিত্রটির নাম মাসুদ। নাটকটির কাহিনিতে দেখা যাবে, মাসুদ ও তার মতোই আরও কয়েকজন ব্যাচেলর ছেলে বিয়ে করার জন্য অস্থির হয়ে পড়ে। কিন্তু কিছুতেই তাদের বিয়ে হয় না। এ নিয়েই নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। আশা করছি, নাটকটি দেখে দর্শক বেশ মজা পাবে।’ মারজুক আরও জানিয়েছেন, ইতিমধ্যে নাটকের তিনটি লটের কাজ শেষ হয়েছে। সামনের মাস থেকে এর চতুর্থ লটের কাজ শুরু হবে। ইতিমধ্যে ‘ব্যাচেলর, দ্য ফ্যামিলি’ ধারাবাহিক নাটকটির দুটি পর্ব প্রচারিত হয়েছে চ্যানেল নাইনে। সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত আটটা ৩৫ মিনিটে নাটকটি প্রচারিত হচ্ছে। ‘ব্যাচেলর, দ্য ফ্যামিলি’ নাটকে আরও অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, এজাজ আহমেদ, ফারুক আহমেদ, সিদ্দিকুর রহমান, আ খ ম হাসান, হাসিন রোশান, জেনি, ইরিন আমির, ভাবনা প্রমুখ। নাটকটির সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি।