ভূমি ব্যবহার ও আবাসনের জন্য আইন ও বিধিমালা আছে। এর আলোকে সরকারি বিভিন্ন সংস্থার দায়িত্বও সুনির্দিষ্ট করে দেওয়া আছে। কিন্তু আইন-বিধির তোয়াক্কা করা হচ্ছে না অধিকাংশ ক্ষেত্রে। আবার যাঁরা মানছেন না, তাঁদের বিরুদ্ধে আইনের অপরিহার্য প্রয়োগও হচ্ছে না। এর প্রধান কারণ দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব। আরও আছে দুর্ঘটনার পর একে অপরের ওপর দোষ চাপিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে নিমতলী ও বেগুনবাড়ির মতো দুর্ঘটনা ঘটতেই থাকবে। ‘ঝুঁকিপূর্ণ ভবন, ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রতিকার কী?’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় গতকাল শনিবার বিশেষজ্ঞরা এসব কথা বলেন। প্রথম আলোর উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন। তবে তাঁরা দাবি করেন, আন্তরিকতার অভাব নেই। আছে লোকবলের অভাব। বক্তারা প্রয়োজনে পদ সৃষ্টি ও লোকবল বাড়ানো, আইনের প্রয়োগ, সংশোধন, জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, রাজউকের কাছ থেকে যে লক্ষ্যে জমি বা প্লট নেওয়া হবে, তা সময়মতো ব্যবহার করতে হবে। আবাসন ব্যবসায়ীদের হাতে দেওয়া যাবে না। কাজে লাগাতে না পারলে ওই জমি রাজউককেই ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, অনেকে রাজউক উঠিয়ে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু রাজউকের পরিবর্তে যারা দাঁড়াবে, তারা সবকিছু শেষ করে দেবে। প্রতিমন্ত্রী সুপারিশ করেন, জনগণকে সবার আগে বিদ্যমান আইন ও বিধিমালা অনুসরণ করতে হবে। বিশেষজ্ঞ প্রকৌশলী, স্থপতি ও নগর পরিকল্পনাবিদের সমন্বয়ে ইমারতের নকশা প্রণয়ন করে তাদের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদিত নকশার আলোকে ভবন নির্মাণ করতে হবে। তিনি বলেন, সিটি করপোরেশনকে আবাসিক এলাকা অনাবাসিক ব্যবহারের জন্য অনুমতি দেওয়া বন্ধ করতে হবে। প্রতিমন্ত্রী জানান, বৃহত্তর ঢাকার বিস্তারিত এলাকা পরিকল্পনা (ডিটেলড এরিয়া প্ল্যান) প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। এটা সংসদে অনুমোদন হলে আবাসিক, বাণিজ্যিকসহ ভূমির সুনির্দিষ্ট ব্যবহার নিশ্চিত করা যাবে। গোলটেবিল বৈঠকে সঞ্চালক ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। ৯০ ওয়ার্ডে পরিকল্পনা: অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, একটি ভবন নির্মাণের সময় অনুমোদন নেওয়া হয়। এখন বাসিন্দাদের ওঠার আগে এর নিরাপত্তা, অগ্নিনির্বাপক ব্যবস্থা ঠিক আছে কি না, এর জন্য চূড়ান্ত অনুমোদন নিতে হবে। অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ঢাকা শহরের জন্য একটি মহাপরিকল্পনা দরকার। কিন্তু সেটি এখনো সম্ভব হয়নি। মহাপরিকল্পনার পর ৯০টি ওয়ার্ডের জন্য ৯০টি আঞ্চলিক পরিকল্পনা করতে হবে। তিনি বলেন, ইমরাত নির্মাণ আইন মানার জন্য প্রতিটি ওয়ার্ডে কার্যালয় স্থাপন করতে হবে রাজউককে। তিনি বলেন, ইমারত নির্মাণ আইন সব সংস্থাকে মানতে হবে। আগুনের ক্ষয়ক্ষতি কমাতে জলাধার সংরক্ষণ ও খোলা জায়গা রক্ষার সুপারিশ করেন তিনি।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, তিন মাসে পাঁচ হাজার অনুমোদনহীন ভবন চিহ্নিত করা হয়েছে। আরও চিহ্নিত করার কাজ চলছে। কিন্তু সব ভবন ভাঙতে গেলে সময় লাগবে। তাই বেশি ঝুঁকিপূর্ণ ভবন বেছে নিয়ে ভাঙার কাজ চলছে। ইতিমধ্যে ৫০টি ভবন ভাঙা হয়েছে। তিনি বলেন, রাজউকের দরকার ২০ জন অথরাইজড কর্মকর্তা। আছে চারজন। ম্যাজিস্ট্রেট ১২ জনের স্থলে আছে একজন। এ জন্য ঠিকভাবে কাজ হচ্ছে না। অধ্যাপক সারওয়ার জাহান বলেন, জাতীয় বিল্ডিং কোড ব্যবহারের ব্যবস্থা নেই। এলাকাভিত্তিক পরিকল্পনা ও এর প্রয়োগ না করলে দুর্ঘটনা এড়ানো যাবে না। রাজউক বা সিটি করপোরেশন ভবনে বসে কাজ করলে হবে না। জনগণের কাছে থেকে কাজ করতে হবে। বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক মেহেদী আহমেদ আনসারী বলেন, বিভিন্ন ভবন কতটা ঝুঁকিপূর্ণ, তা পরীক্ষার ব্যবস্থা চালু করেছে বুয়েট। বিশেষভাবে পুরান ঢাকার স্কুলগুলো চাইলে তাঁরা সহযোগিতা দিতে পারেন। স্থপতি ইকবাল হাবিব বলেন, ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার নামে যেন ঐতিহাসিক স্থাপনা ভেঙে ফেলা না হয়। ঝুঁকিপূর্ণ ভবন পুনর্গঠনে (রেক্টিফিকেশন) কমিশন গঠন করতে হবে।ঢাকা সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরতউল্লাহ বলেন, ‘অনেক এলাকায় অনুমতি ছাড়াই ভবন ও ভবনে গুদাম নির্মাণ করা হয়। আটকাব কীভাবে?’ তিনি নাগরিক সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন। আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম: জামিলুর রেজা চৌধুরী বলেন, রাসায়নিক কারখানা বা গুদামের অনুমোদন দেয় ঢাকা সিটি করপোরেশন। ভবনের অনুমতি রাজউকের। আর ভবনে আগুন নিরোধক ব্যবস্থা ঠিক আছে কি না, তা দেখার দায়িত্ব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের। পৃথক আইনে সবগুলো প্রতিষ্ঠানেরই দায়িত্ব সুনির্দিষ্ট করে দেওয়া আছে। তা কেউ বাস্তবায়ন করে না। একে অপরকে দোষারোপ করে। এটা বন্ধ করতে হবে। নিমতলী এলাকার বাসিন্দা মো. শফিউল্লাহ বলেন, আগুন লাগার পর তিনি চোখের সামনে মানুষকে দগ্ধ হয়ে মারা যেতে দেখেছেন। তিনি বলেন, পুরান ঢাকার অধিকাংশ এলাকাতেই এমন রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম আছে। আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম সরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনির্বাপণ অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শাহিদউল্লাহ বলেন, আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম থাকতে পারে না। ইতিমধ্যে ১১টি গুদাম বন্ধ করে দেওয়া হয়েছে। রাসায়নিকের গুদাম সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। বুয়েটের পুরকৌশল বিভাগের সাবেক শিক্ষক শামীমুজ্জামান বসুনিয়া বলেন, পুরান ঢাকায় যাঁরা গুদামে রাসায়নিক রাখছেন, তাঁরা নিজেরাই জানেন না এগুলো কীভাবে দুর্ঘটনা ঘটাতে পারে। এর পরিণতি সম্পর্কে তাঁদের ধারণা নেই। তাই রাসায়নিক ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করতে হবে। এসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান বলেন, ঢাকায় এসিড নিয়ন্ত্রণ কমিটি রয়েছে। ২০০২ সালের এসিড নিয়ন্ত্রণ আইনের ব্যত্যয়ের কারণেই নিমতলীতে আগুন লেগেছে। বংশাল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাত উস সালেহা বলেন, পুরান ঢাকার মানুষ খুবই আন্তরিক ও বিনোদনপ্রিয়। কিন্তু তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। এ জন্যই বাসাবাড়িতে কারখানা দেখা যায়।আগুনে পোড়া চিকিত্সা: ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের পরিচালক সামন্তলাল সেন বলেন, পোড়া রোগীর চিকিত্সা ২৪ ঘণ্টার মধ্যে করতে হয়। কিন্তু আগুনের চিকিত্সা ঢাকায় সীমাবদ্ধ। ঢাকাতেও মাত্র ৫০ শয্যাবিশিষ্ট একটা ইউনিট আছে। ঢাকার বাইরে কোনো চিকিত্সকও নেই। সারা দেশে পোড়া রোগীর চিকিত্সার ব্যবস্থা করতে হবে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার অনেক অপ্রয়োজনীয় খাতে ব্যয় করে। কিন্তু আগুনে পোড়াদের চিকিত্সার জন্য প্রতিটি জেলায় বার্ন ইউনিট স্থাপন করলে খুব বেশি খরচ হবে না। মনিরা রহমান বলেন, দেশের জনসংখ্যার ১ শতাংশ পোড়া রোগী। সারা দেশের জেলা হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের কথা বলা হচ্ছে এক যুগ ধরে। তিনি বলেন, এসব উদ্যোগ আগামীকাল নয়, আজই নিতে হবে। সামন্তলাল সেন বলেন, অনেক অগ্নিদগ্ধ এখন সহায়সম্বলহীন। চিকিত্সায় সুস্থ হওয়ার পর তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া জরুরি।