আবাসন মেলায় এক চক্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোয়ার হোসেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। থাকেন কলাবাগানে একটি ভাড়াবাসায়। তাঁর সঙ্গে দেখা হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে। এসেছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আবাসন মেলায়। একটি ফ্ল্যাট কিংবা জমি কেনা যায় কি না, তার খোঁজ করছিলেন মেলায়। মেলার স্টলে স্টলে ঘুরে বিভিন্ন প্রকল্প দেখছেন। কিন্তু কোথাও মনের মতো ফ্ল্যাট বা জমি খুঁজে পাচ্ছেন না। তাই অনেকটা হতাশ হয়েই মনোয়ার হোসেন বললেন, ‘সারা জীবন শিক্ষকতা করেছি। টাকা-পয়সা খুব বেশি জমাতে পারিনি। যে সঞ্চয় আছে, তা দিয়ে এখানে কিছুই মিলছে না। অন্যদিকে বাসাভাড়াও দিন দিন বাড়ছে। আমাদের মতো মধ্যবিত্তরা বাসাভাড়া দিয়ে কুলোতে পারছে না। আবার ফ্ল্যাট বা জমি কেনারও টাকা জোগাড় করতে পারছে না।’ সারা জীবনের সঞ্চয় দিয়ে জমি বা ফ্ল্যাট কেনার আগে অনেকে আবার স্টলে গিয়ে যাচাই করে দেখছেন সংশ্লিষ্ট প্রকল্প রাজউক অনুমোদিত কিনা। কারণ আবাসন মেলায় অংশ নেয়া বিভিন্ন অননুমোদিত প্রকল্প নিয়ে নানা মহলে চলছে আলোচনা।শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ১৬ জুন থেকে এই আবাসন মেলা শুরু হয়েছে। মেলায় মোট ২৬৩টি আবাসন প্রকল্পের স্টল রয়েছে। এর মধ্যে রাজউক অনুুমোদিত প্রকল্প মাত্র ২৮টি। এসব স্টলে বিভিন্ন আকারের প্লট ও ফ্ল্যাট বিক্রি হচ্ছে। মেলার একটি স্টলের কর্মী নজরুল ইসলাম বলেন, ‘এটা আবাসনের সবচেয়ে বড় মেলা। এর মাধ্যমেই বিভিন্ন আবাসন প্রকল্প ক্রেতাদের কাছে নিজেদের নতুন নতুন প্রকল্পের তথ্য জানিয়ে থাকে।’মেলায় যেসব ফ্ল্যাট বিক্রি হচ্ছে, তার বেশির ভাগই রয়েছে ঢাকা নগরে। এ ছাড়া যেসব জমি নিয়ে প্রকল্প রয়েছে, সেগুলোর অবস্থান ঢাকার আশপাশে। এর মধ্যে আছে কেরানীগঞ্জ, ডেমরা, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া, পূর্বাচল ও নবাবগঞ্জ। মেলায় কক্সবাজার ও কুয়াকাটারও প্রকল্প আছে। মেলায় ঢুকতে ৫০ টাকার টিকিট লাগে। আজ মেলার সমাপনী দিন। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে মেলার দরজা।