আবাসন মেলায় রাজউকের স্টল থাকতে দেবে না রিহ্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২ জানুয়ারি শুরু হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আবাসন মেলা। কিন্তু এই মেলায় অননুমোদিত বা ভুয়া প্রকল্প চিহ্নিত করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কোনো স্টল থাকতে দেওয়া হবে না।রিহ্যাব মেলা উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে মেলায় রাজউকের অবৈধ হস্তক্ষেপ থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সমিতির নেতারা। রাজধানীর একটি হোটেলে সকালে এই সংবাদ সম্মেলন হয়।সংবাদ সম্মেলনে রাজউকের স্টল না থাকার বিষয়টি স্পষ্ট করেন রিহ্যাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ভূঁইয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘মেলায় রাজউকের অবৈধ হস্তক্ষেপের ফলে সাধারণ ক্রেতা এবং আবাসন কোম্পানি উভয়ই আতঙ্কিত হয়ে পড়েন। তাই এবারের মেলায় রাজউকের অবৈধ হস্তক্ষেপ কোনোভাবেই থাকতে দেওয়া হবে না।’ তিনি বলেন, বিশেষ আয়োজন হিসেবে এবার মেলায় রিহ্যাবের পক্ষ থেকে একটি তথ্যকেন্দ্র থাকবে। এই তথ্যকেন্দ্র থেকে ক্রেতারা মেলায় প্রদর্শিত যেকোনো প্রকল্পের বৈধতাসম্পর্কিত তথ্য জানতে পারবেন। অভিযোগও জানাতে পারবেন। এ ছাড়া অনুমোদিত প্রতিষ্ঠান ও প্রকল্প নিয়ে একটি বই করা হয়েছে। যেটি সব স্টলে প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।রিহ্যাবের এই অবস্থানের বিষয়ে জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা বলেন, ‘এবারের মেলায় রাজউকের কোনো স্টল থাকবে না। তবে রিহ্যাবকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি, মেলায় কোনো প্রতিষ্ঠান অননুমোদিত প্রকল্প প্রদর্শন বা বেচাকেনা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য মেলা প্রাঙ্গণে আমাদের একটি টিম থাকবে। কোনো অনিয়ম ঘটলে তারা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবস্থা নেবে।’গতকাল রিহ্যাবের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম, মেলা কমিটির চেয়ারম্যান আবদুর রহিম খান প্রমুখ।সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সবকিছু সম্পন্ন হলেও গ্যাস-বিদ্যুতের সংযোগের অভাবে ২৫ হাজার রেডি ফ্ল্যাট হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। এ জন্য গত চার বছরে আবাসনশিল্পে কোনো প্রবৃদ্ধি হয়নি। উল্টো ৩০ শতাংশ ব্যবসা কমেছে।আনিসুজ্জামান সাধারণ ক্রেতাদের জন্য ৭% সুদে পাঁচ হাজার কোটি টাকার ঋণ বরাদ্দ, স্বল্পমূল্যে রিহ্যাবের সদস্যদের জমি বরাদ্দ, আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ এবং শর্তহীন গ্যাস-বিদ্যুৎ সংযোগ দিয়ে আবাসন খাতের স্থবিরতা দূর করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় ২৫০টি স্টলে ২২৬টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে। এর মধ্যে রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রতিষ্ঠানের ২১৯টি, ভবন নির্মাণসামগ্রীর ছয়টি প্রতিষ্ঠান এবং অর্থলগ্নিকারী একটি প্রতিষ্ঠানের স্টল থাকবে। মেলায় কো-স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে মোট ১৫টি প্রতিষ্ঠান। মেলা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।সাধারণ দর্শনার্থীদের জন্য মেলা প্রথম দিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত এবং ৩-৬ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে। জনপ্রতি প্রতি দিনের প্রবেশ টিকিটের মূল্য ৫০ টাকা। তিন দিনের জন্য এককালীন প্রবেশ টিকিটের মূল্য ১০০ টাকা।