আবাসিক এলাকা ও খোলা পরিসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯২৯ সালে ক্ল্যারেন্স পেরি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নগর ও পরিবেশ পরিকল্পনা করেন। তাঁর পরিকল্পনা অনুসারে, একটি স্বয়ংসম্পন্ন আবাসিক এলাকার আয়তন হওয়া উচিত তার কেন্দ্র থেকে সীমানা পর্যন্ত পাঁচ মিনিটের হাঁটা দূরত্বের মধ্যে। বর্তমানে নয়া নগরায়ণ বা নিউ আরবানিজমের প্রবক্তা আনডেরস দুয়ানি ও টেকসই নগরায়ণ বা সাসটেইনেবল আরবানিজমের প্রবক্তা ডগলাস ফারেরও এই মত যে আবাসিক এলাকার আয়তন এমন হওয়া বাঞ্ছনীয়, যার ব্যাসার্ধ সিকি মাইলের বেশি হবে না। এই হেঁটে চলা দূরত্বের মাঝখানে এর বসবাসকারীদের জন্য কিছু আবশ্যিক উপাদান থাকতে হবে; যেমন—স্কুল ও শিশুপালন কেন্দ্র, পার্ক ও খেলার মাঠ, ক্যাফে, স্বাস্থ্যকেন্দ্র, ফার্মেসি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান, সিভিক সেন্টার, বাসস্টপেজ ইত্যাদি। এখানে কিছু ভবন থাকতে হবে মিশ্র ব্যবহারের উপযোগী, যা আবাসস্থল ও কর্মস্থলকে সমন্বিত করতে পারে। এমন প্রতিটি এলাকা গণযোগাযোগের ট্রানজিট পয়েন্টের কাছে অবস্থান করবে। ভবনগুলো আলাদা প্লটে অবস্থিত না হয়ে বড় বড় বিল্ডিং ব্লক হিসেবে থাকবে। ভবনের সামনের দিকে গাড়ির ব্যবহার হলেও পেছনের দিকটা বরাদ্দ থাকবে কেবল হাঁটার পথ, খেলার জায়গা ও বাগানের জন্য। বড় বিল্ডিং ব্লকে সীমানাপ্রাচীরের প্রয়োজন থাকবে না। এতে ছোট ছোট অনেক সবুজ বাগান ও সামাজিক স্থান তৈরি করা সম্ভব, অধিবাসীরা যেখানে সকালে বা সন্ধ্যায় মিলিত হতে পারবে।আবাসিক এলাকার অধিবাসীরা হাঁটার দূরত্বে নিত্য-আবশ্যকীয় জীবনোপকরণ পেলে সময় সাশ্রয় হবে, গাড়ির প্রয়োজন কমবে, প্রতিবেশীর সঙ্গে সামাজিক সম্পর্ক গড়ে উঠবে। সামাজিক সম্পর্ক তাকে নিরাপত্তার পাশাপাশি মূল্যবোধ ও শিষ্টাচারের বোধ দেবে। সব ধরনের নাগরিককে সম্মিলনের জন্য ছোট-বড় বিভিন্ন আকারের উন্মুক্ত অঙ্গন প্রয়োজন। কেবল পার্ক বা খেলার মাঠ নয়, স্কুল বা দোকানের সামনে, রাস্তার পাশে কিংবা তিন-চারটি বাড়ির আঙিনা—যেকোনো সুবিধাজনক স্থানে এই গণ-অবকাশ ক্ষেত্র গড়ে উঠতে পারে। এ-জাতীয় স্বয়ংসম্পন্ন আবাসিক এলাকা এবং এর অধিবাসীদের মেলামেশার জন্য উন্মুক্ত সামাজিক পরিসর তৈরি করার মাধ্যমে বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করা সম্ভব।সদিচ্ছা থাকলে পরিকল্পনা নিয়ে নতুন নির্মাণের ক্ষেত্রে বহু সমস্যার সহজ সমাধান করা যায়। যেমন: ১. নতুন নির্মাণ বিধিমালার প্লট একত্র করার যে প্রস্তাব আছে, তা অনুসরণ করলে সেট ব্যাকের পতিত ও অব্যবহূত জায়গাগুলো মিশিয়ে দিয়ে খোলা প্রাঙ্গণ তৈরি করা যায়; ২. বর্তমানের প্লটভিত্তিক বাড়ির বদলে প্লটের মালিকদের অংশগ্রহণে বড় বড় হাউজিং ব্লক নির্মাণ করলে তার ভেতর সবুজ ও নিরাপদ উঠোন তৈরি করা যায়, ভবনের সার্ভিসগুলো একত্রে ভাগ করে নিয়ে অনেক অর্থও সাশ্রয় করা সম্ভব।ইতিমধ্যেই যেসব ঘিঞ্জি ও আবদ্ধ আবাসিক এলাকা গড়ে উঠেছে, কিছু উদ্যোগ নিয়ে সেগুলোও কিছুটা বাসযোগ্য করে তোলা যেতে পারে। যেমন: ১. প্রতিটি আবাসিক এলাকায় কিছু প্লট খালি করে সেগুলোকে অধিবাসীদের জন্য খোলা প্রাঙ্গণ হিসেবে ব্যবহার করা যায়। অধিবাসী ও সরকারের যৌথ সহায়তায় আগের বাসিন্দাদের অন্যত্র প্লট বা বাড়ি নির্মাণ করে স্থানান্তর করতে হবে। ২. প্রতিবেশীদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কিছু বাড়ির মধ্যবর্তী সীমানাদেয়াল অপসারণ করে খোলা জায়গা তৈরি করা সম্ভব। আশপাশের বাসিন্দারা হাঁটার পথ, বাগান বা খেলাধুলার জন্য ব্যবহার করতে পারে। সম্ভব হলে সার্বক্ষণিক প্রহরী রেখে পুরো এলাকার সীমানাদেয়াল অপসারণ করা যায়। এতে প্রচুর খোলা জায়গা বেরিয়ে আসবে। পরিকল্পিতভাবে এ খোলা জায়গা পুরো এলাকার জন্য হাঁটার জায়গা বা ছোট ছোট পকেট স্পেস হিসেবে কাজে লাগানো যায়।স্বয়ংসম্পন্ন আবাসিক এলাকায় ছোট ছোট উন্মুক্ত স্থান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নগরবাসীর মেলামেশার জন্য পুরো শহরে প্রয়োজন অনেক উন্মুক্ত স্থান। এসব খোলামেলা জায়গাই একটি শহরের শ্বাস-প্রশ্বাসের জায়গা। পরস্পরের আদান-প্রদানের মধ্য দিয়ে এসব উন্মুক্ত স্থান এর অধিবাসীদের দেয় শহরটির সঙ্গে তাদের একাত্ম হওয়ার অনুভব। এসব খোলা জায়গা শুধু মুক্ত বায়ু সেবন আর সবুজের মধ্যে ঘুরে স্বাস্থ্যবিধি পালনের জন্য প্রয়োজন নয়; এসব জায়গায় অনুষ্ঠিত হতে পারে উৎসব, অস্থায়ী মেলা বা খেলাধুলা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি। সফল গণপরিসর নির্মাণের জন্য নিচের প্রস্তাবগুলো বিবেচনা করা যেতে পারে:ঢাকা শহরের যেসব স্থান ইতিমধ্যেই নগরবাসীর মিলনক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, মিশ্র ব্যবহারের মাধ্যমে সেগুলোকে আরও কার্যকর করে তোলা সম্ভব। ধানমন্ডি লেকের পার্শ্ববর্তী এলাকা এরই মধ্যে মিশ্র ব্যবহারের মাধ্যমে সফল সামাজিক স্থানে পরিণত হয়েছে। অন্যদিকে রমনা পার্ক বা সোহরাওয়ার্দী উদ্যান অনেকটাই নিষ্প্রাণ। উদ্যানের আকর্ষণীয় নতুন বিন্যাস এবং এলাকাগুলোর পরিকল্পিত মিশ্র ব্যবহারের মধ্য দিয়ে এগুলোকে নগরবাসীর মিলনক্ষেত্র হিসেবে গড়ে তোলা সম্ভব। শহরের সব কটি পার্ক ও খেলার মাঠের সীমানাদেয়ালও অবমুক্ত করা দরকার। প্রয়োজনে গাছ, সরু জলাধার বা ভূমিজ ঢালের মাধ্যমে সীমানা নিশ্চিত করা যেতে পারে।ঢাকা নগরের চারপাশের নদী এবং অভ্যন্তরীণ খাল, জলাশয় ও জলাধারের পার্শ্ববর্তী সব কটি এলাকা জনসাধারণের ব্যবহারের জন্য নতুনভাবে বিন্যস্ত করা জরুরি। এতে জলাভূমি ও সন্নিহিত অঞ্চলের দখল এড়ানো যাবে, দূষণ কমবে এবং নগরবাসীর অবকাশ ও অবসর উদ্যাপনের সুযোগ সৃষ্টি হবে।রাস্তাঘাটের দুই পাশে যথাসম্ভব হাঁটার এবং প্রতিবন্ধীদের উপযোগী চওড়া ফুটপাত ও বসার স্থান বানিয়ে, গাছ ও ছোট জলাশয় বিন্যস্ত করে এবং রাতে নিরাপত্তা নিশ্চিত করে নগরকে আরও আকর্ষণীয় করে তোলা যায়। রাস্তার দুই পাশে চায়ের দোকান ও ছোট ছোট বিপণিবিতান কার্যকর বিন্যাসের আওতায় আনলে তা সবার জন্য চিত্তাকর্ষক হয়ে উঠবে। পথচলার অভিজ্ঞতা ক্লান্তিকর হবে না। নগরের পথও তখন হয়ে উঠবে কার্যকর সামাজিক পরিসর।এভাবে প্রতিটি আবাসিক এলাকা ও উন্মুক্ত মিলনক্ষেত্রগুলোকে সুচারুভাবে বিন্যস্ত করতে পারলে তা শুধু রাজধানীর সৌন্দর্য ও নগরবাসীর জীবনের মানই উন্নত করবে না; গভীর সামাজিক সম্প্রীতিও তৈরি করবে, যা ভবিষ্যৎ প্রজন্মের মানসিক স্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় ভূমিকা রাখবে।[email protected]এম এ এহসান: স্থপতি, নগরবিদ।