আবাসিক হল থেকে দুটি ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হল থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মতিহার থানার পুলিশ ককটেল দুটি উদ্ধার করে। এ কে ফজলুল হক হল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ ওই হলের ঝাড়ুদার অশোক কুমার ড্রেন পরিষ্কার করতে আসেন। এ সময় তিনি হলের পশ্চিম ব্লকের ছয় নম্বর কক্ষের সামনে ফুলগাছের নিচে কাগজের প্যাকেটে জড়ানো বস্তু দেখতে পান। বিষয়টি তিনি ওই হলে দায়িত্বরত পুলিশ সদস্যদেরকে জানান। পুলিশ সেখান থেকে ককটেল দুটি উদ্ধার করে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ককটেল দুটি সেখানে কে বা কারা রেখেছিল তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট হল প্রশাসনকে বলা হয়েছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ককটেল দুটি থানায় এনে পরীক্ষা-নিরীক্ষা করে নিষ্ক্রিয় করা হবে।