রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হল থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মতিহার থানা পুলিশ এগুলো উদ্ধার করে।রুয়েট ক্যাম্পাস ও মতিহার থানা সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে পরিচ্ছন্নতা কর্মী শ্রী শুক্র ও জামাল রুয়েটের শহীদ সেলিম হলের বারান্দা পরিষ্কার করতে যান। এ সময় তাঁরা হলের দোতলার ২১৩ নম্বর কক্ষসংলগ্ন টয়লেটের পাশে ডাস্টবিনের মধ্যে লাল টেপ দিয়ে জড়ানো পরিত্যক্ত অবস্থায় ককটেলজাতীয় কিছু দেখতে পান। তাঁরা মতিহার থানা পুলিশকে খবর দিলে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করেন। পুলিশ সেখান থেকে ছয়টি খালি কৌটা এবং ককটেল তৈরির ১০০ গ্রাম সাদা পাউডারও উদ্ধার করে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, কে বা কারা সেখানে ওই ককটেলটি রেখেছে, তা বলা যাচ্ছে না। পরিত্যক্ত অবস্থায় ককটেলটি উদ্ধার করা হয়েছে। কোনো নাশকতা ঘটানোর জন্য ককটেলটি রাখা হয়েছিল কি না, সে ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।