আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কুড়িল এলাকার আবাসিক হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে আজ রোববার দুপুরে আমির সিদ্দিকী (৪৬) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।ডেনিম টেক্সটাইল কারখানার মালিক আমির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের জামাতা ছিলেন। পুলিশের ধারণা, আমির ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্র জানায়, আজ দুপুর সোয়া ১২টার দিকে ভাটারা থানার পুলিশ কুড়িল চৌরাস্তার পাশে শিকদার হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের চারতলার ১২২ নম্বর কক্ষের দরজা ভেঙে ব্যবসায়ী আমিরের লাশ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।ঘটনা তদন্তকারী ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি হোটেল শিকদারের চারতলায় যান। এ সময় তিনি ১২২ নম্বর কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো শব্দ পাননি। ঘরটির ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় আমিরের নিথর দেহ খাটের ওপর পড়ে আছে। তাঁর শরীরের ওপরের অংশ খাটে ও দুই পা মেঝেতে পড়ে ছিল। মুখ বেয়ে লালা বের হচ্ছিল। খাটের ওপর থেকে এক হাজার ১০০টি বড়ি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুত্ফুল কবির প্রথম আলো ডটকমকে বলেন, উদ্ধার হওয়া বড়িগুলো ঘুমের। এর আগেও আমির আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ধারণা করা হচ্ছে, ঘুমের বড়ি খেয়ে তিনি আত্মহত্যা করেছেন।আমিনুল জানান, আমিরের পরিবার-পরিজনের সঙ্গে তিনি কথা বলে জেনেছেন, তিন বছর আগে আমিরের সঙ্গে তাঁর স্ত্রীর ছাড়াছাড়ি হয়। তাঁদের একমাত্র সন্তান বিদেশে পড়াশোনা করেন। আমির ভারসাম্যহীন ছিলেন। যুক্তরাষ্ট্রে চিকিত্সা করিয়ে স্বজনেরা ৯ ডিসেম্বর তাঁকে নিয়ে দেশে ফেরেন। যোগাযোগ করা হলে আমিরের ভাই কালেম সিদ্দিকী মৃত্যুর কারণ নিয়ে কথা বলতে রাজি হননি।আমির গুলশান ২ নম্বরের ৩/এ বাড়িতে থাকতেন। তাঁর বাবার নাম মোস্তাফিজুর রহমান। বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডের রহমতনগরে। তাঁর চাচা পুলিশের সাবেক মহাপরিদর্শক এ ওয়াই বি আই সিদ্দিকী।