আবাসিক হোটেলে মারা যাওয়া তরুণীর পরিচয় মিলেছে
রাজধানীর বনানীর আবাসিক হোটেল থেকে উদ্ধারের পর হাসপাতালে মারা যাওয়া তরুণীর পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন বাগেরহাটের বাসিন্দা মনিরুজ্জামান ওরফে ঝন্টুর মেয়ে স্বর্ণা মণি রূপা (১৮)।পত্রিকায় মৃত্যুর খবর ছাপা হওয়ার পর আজ মঙ্গলবার বিকেলে নিহত স্বর্ণা মণির মামা আনসারুজ্জামান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে লাশ শনাক্ত করেন।জানা গেছে, গত রোববার রাতে এক জোড়া তরুণ-তরুণী নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বনানী লর্ডস ইন নামে একটি আবাসিক হোটেলের ৩০৫ নম্বর কক্ষ ভাড়া নেন। আর সোমবার সকালে হোটেলবয়রা ৩০৫ নম্বর কক্ষে স্বর্ণা মণিকে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে তারা স্বর্ণা মণিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর তিনি মারা যান।স্বর্ণার মামা এস এম আনসারুজ্জামান প্রথম আলোকে জানান, স্বর্ণা মা-বাবার সঙ্গে বাগেরহাটের মোল্লারহাটের আস্তাইলে থাকতেন। তিনি স্থানীয় একটি কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন। গত বৃহস্পতিবার সকালে স্বর্ণা ভোটার পরিচয় কার্ড তোলার কথা বলে বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফিরে যাননি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।আজ সকালে পত্রিকায় খবর দেখে আনসারুজ্জামান ঢাকায় এসে মর্গে তাঁর ভাগনি স্বর্ণার লাশ শনাক্ত করেন। এ মৃত্যু নিয়ে তাঁদের কোনো অভিযোগ নেই বলেও জানিয়েছেন আনসারুজ্জামান।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, যে যুবকের সঙ্গে স্বর্ণা ঢাকায় এসেছিলেন, ওই যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। স্বর্ণার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বর্ণাকে হাসপাতালে নেওয়া দুই হোটেলবয়কে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, হঠাত্ অসুস্থ হওয়ায় স্বর্ণার মৃত্যু হয়েছে।পুলিশ ও মর্গ সূত্রে জানা গেছে, স্বর্ণার ভিসেরা পরীক্ষার জন্য রাসায়নিক পরীক্ষাগারে এবং তাঁর সোয়াব ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে।