আবাসিকে গ্যাস সংযোগ বন্ধের আদেশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার আবাসিক গ্রাহকদের জন্য নতুন গ্যাস সংযোগ চালুর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযোগ বন্ধের আদেশ প্রত্যাহার করে নতুন সংযোগ দেওয়ার জন্য পেট্রোবাংলার প্রস্তাব অনুমোদন করেন। সরকারি সূত্রে এ খবর জানা গেছে।প্রধানমন্ত্রীর অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী সংযোগ বন্ধ থাকা অবস্থায় যে ৫৭ হাজারের বেশি গ্রাহক কোনো না কোনোভাবে সংযোগ পেয়েছেন জরিমানাসহ তাঁদের সংযোগ বৈধ করা হবে। এরপর যে গ্রাহকেরা বন্ধের আগেই সব প্রক্রিয়া সম্পন্ন করে রেখেছেন তাঁদের সংযোগ দেওয়া হবে।নতুন গ্রাহকদের আবেদন হিসাব-নিকাশ করে সিদ্ধান্ত দেবে পেট্রোবাংলা। তবে আবাসিকে সংযোগ দেওয়ার জন্য কোনোভাবেই আর নতুন লাইন স্থাপন কিংবা বিদ্যমান লাইন সম্প্রসারণ করা যাবে না। সংযোগ চালু করার আদেশপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাতে এই কথা লিখে দিয়েছেন বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে। ২০১০ সালের ১৩ জুলাই আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ করা হয়। সরকারের বিভিন্ন পর্যায় থেকে তখন বলা হয়েছিল, দেশে গ্যাসের ঘাটতিও প্রচুর। তাই আবাসিকে গ্যাস সংযোগ দেওয়া হবে না। পেট্রোবাংলা একাধিকবার আবাসিকে নতুন সংযোগ চালু করার প্রস্তাব করলেও সরকারের উচ্চপর্যায়, বিশেষ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সব সময় এর বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন। চারটি সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে আবাসিকে সংযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে। বিশেষ করে রাজশাহীর জন্য। কারণ রাজশাহী মহানগরে আবাসিক সংযোগের জন্য অবকাঠামো তৈরি করা হয়েছে সংযোগ বন্ধেরও আগে। গ্যাস সংযোগ বন্ধ থাকার বিষয়টি সেখানে ভোটের রাজনীতিতে প্রভাব ফেলবে। তাই ভোটের জন্য আবাসিকে সংযোগ দিয়ে গ্যাসের ‘অপচয়’ করার সিদ্ধান্ত নেওয়া হলো। পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, আবাসিকে সংযোগ বন্ধের সময় অপেক্ষমাণ গ্রাহক (আবেদনকারী) ছিলেন প্রায় এক লাখ ৪৮ হাজার। এর মধ্যে ৫৭ হাজার ৪১৪টি চুলায় কোনো না কোনোভাবে সংযোগ দেওয়া হয়েছে। ওই গ্রাহকেরা ব্যাংকে নিয়মিত বিলও জমা দিচ্ছেন। কিন্তু সেই টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে না। এর পাশাপাশি প্রায় সমানসংখ্যক রয়েছে চোরাই সংযোগ। এরা বিল না দিয়েই গ্যাস ব্যবহার করছেন। অবশিষ্ট আছেন ৪০ হাজারের মতো আবেদনকারী।