আবিদ স্মরণে ‘তুমি রবে নীরবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের জুলাই মাসে সমুদ্রসৈকত কক্সবাজারের পানিতে ডুবে মারা যান তরুণ সংগীতশিল্পী আবিদ শাহিরয়ার। অকালে তাঁকে হারানোর শোক এখনো বয়ে বেড়াচ্ছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। এবার আবিদের স্মরণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে এনটিভি ও ইউনিলিভার। অনুষ্ঠানের নাম ‘তুমি রবে নীরবে’। অনুষ্ঠানে আবিদকে নিয়ে স্মৃতিচারণার পাশাপাশি গান পরিবেশন করবেন ফাহমিদা নবী, ক্লোজআপ ওয়ানখ্যাত সাব্বির, মেহরাব ও রন্টি দাস। শিল্পীরা প্রত্যেকেই আবিদকে স্মরণ করে তাঁর গাওয়া একটি করে গান পরিবেশন করবেন বলে জানা গেছে। এ ছাড়া অন্য গানগুলোও উত্সর্গ করা হবে আবিদকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস। পরিচালনা করবেন জোনায়েদ বিন জিয়া।জানা গেছে, সদ্যপ্রয়াত এই শিল্পীর প্রতি ভালোবাসা জানানোর জন্যই বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। তুমি রবে নীরবে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে এনটিভিতে কাল রোববার রাত সাড়ে ১১টায়।প্রসঙ্গত, এবারের ঈদে অগ্নিবীণার ব্যানারে বাজারে এসেছে আবিদের দ্বিতীয় রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘নব আনন্দে জাগো’।