আবিদজানের দখল নিয়ে বাগবো ও ওয়াতারা বাহিনীর তুমুল লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টের প্রধান শহর আবিদজানের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্ট লরা বাগবো ও তাঁর প্রতিদ্বন্দ্বী আলাসেন ওয়াতারার অনুগত বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। প্রত্যক্ষদর্শীরা আজ শুক্রবার জানিয়েছেন, আবিদজানে বাগবোর বাসভবনের কাছে ব্যাপক গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।ওয়াতারার মুখপাত্র পেট্রিক অ্যাচি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আবিদজানে বাগবোর বাসভবনে আমাদের বাহিনী হামলা চালিয়েছে। তবে সেখান থেকে প্রতিরোধ এসেছে। বাগবো বাসভবনের ভেতরে অবস্থান করছেন। তিনি কোথাও বের হতে পারছেন না। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।’ অ্যাচি আরও জানান, গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়েছে ওয়াতারা বাহিনী। আবিদজানের বাসিন্দারা জানিয়েছে, রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার গতকাল গ্রিনিচ মান সময় ২২টা ৪৫ মিনিটে বন্ধ হয়ে যায়।ওয়াতারার অনুগত বাহিনী গতকাল বৃহস্পতিবার আবিদজানে প্রবেশ করে। এরপর আবিদজানের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়।নাম প্রকাশে অনিচ্ছুক বাগবোর একজন সামরিক মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই মুখপাত্র জানান, বাগবো বাহিনী এখনো রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে প্রতিরোধ বজায় রেখেছে।গত কয়েক দিন ধরে ওয়াতারার অনুগতরা বেশ কয়েকটি শহরের দখল নেয়। গতকাল তারা কোকো উত্পাদন অঞ্চল সান পেদ্রোর নিয়ন্ত্রণ নিয়েছে। এর আগে গত বুধবার দাপ্তরিক রাজধানী ইয়ামৌসুকরো শহরের দখলে নেয় ওয়াতারা বাহিনী। বিবিসি জানিয়েছে, দেশটির প্রায় ৮০ শতাংশ এলাকা এখন নিয়ন্ত্রণ করছে ওয়াতারার অনুগত বাহিনী।গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়। আন্তর্জাতিক মহল নির্বাচনে ওয়াতারাকে বিজয়ী হিসেবে দেখলেও ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন প্রেসিডেন্ট লরা বাগবো।