আবিদজানের নিয়ন্ত্রণ আবার বাগবো বাহিনীর হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টে ক্ষমতায় আঁকড়ে থাকা প্রেসিডেন্ট লঁরা বাগবোর অনুগত বাহিনী আবিদজানের ওপর নিয়ন্ত্রণ আবার ফিরে পেয়েছে। এখন তারা বাগবোর প্রতিদ্বন্দ্বী আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারার হোটেলের দিকে অগ্রসর হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জাতিসংঘের বরাত দিয়ে এ কথা জানিয়েছে।জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান আলাঁ লি রয় বলেন, ‘বাগবোর অনুগত বাহিনী তাদের শক্তি বৃদ্ধির কৌশল হিসেবে গত মঙ্গলবার শান্তি আলোচনার নামে যুদ্ধ বন্ধ রাখে। আমরা এখন বুঝতে পারছি যে বাগবো বাহিনী এ সময়ের মধ্যে আবিদজানে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তারা প্লাতো ও কোকোদি এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।’ আবিদজানে এ এলাকায় কূটনীতিকদের বাসভবন রয়েছে। জাতিসংঘ কর্মকর্তা আরও বলেন, ‘আবিদজানে এখনো গোলাগুলি চলছে। আমরা বাগবো বাহিনীকে কোকোদি এলাকায় ভারী অস্ত্রশস্ত্র স্থানান্তর করতে দেখেছি।’ ফ্রান্স জানিয়েছে, বাগবো বাহিনী ফরাসি রাষ্ট্রদূতের বাসভবনে গুলি ছোড়ে। তবে ফরাসি বিমান ওই হামলার পাল্টা জবাব দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ফরাসি বাহিনী আজ শনিবার ভোরে বাগবোর বাসভবনে বিমান হামলা চালিয়েছে। বাগবোকে তাঁর বাসভবনের ভেতরে অবরুদ্ধ করে রেখেছে।বাগবোর উপদেষ্টা তুস্যাঁ অ্যালাঁ জাতিসংঘ কর্মকর্তার ওই বক্তব্য নাকচ করে বলেছেন, ফরাসি বিমান এ সপ্তাহে হামলা চালিয়ে বাগবো বাহিনীর সব ভারী অস্ত্র ধ্বংস করে দেয়। এ ছাড়া তিনি ফরাসি রাষ্ট্রদূতের বাসভবনে হামলার খবরও অস্বীকার করেন। এদিকে বাগবোর আরটিআই টেলিভিশনের সম্প্রচার আবারও শুরু হয়েছে। বিষয়টি আবিদজানের ওপর বাগবোর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আরেকটি নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। চলতি সপ্তাহে আবিদজানে দুই পক্ষের লড়াইয়ের পর টেলিভিশনটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। আরটিআই বাগবোর প্রতি সমর্থন জানিয়ে বলেছে, জনগণের অকুণ্ঠ সমর্থনে বাগবোর শাসন টিকে আছে।উল্লেখ্য, ওয়াতারার অনুরোধে ইউরোপীয় ইউনিয়ন গতকাল শুক্রবার দেশটির ওপর অবরোধ শিথিল করে।