আবিদজানের রাস্তায় লাশের সারি
আইভোরি কোস্টের প্রধান নগর আবিদজানে সেনাবাহিনীর সঙ্গে বেসামরিক অস্ত্রধারীদের সংঘর্ষে বহু লোক নিহতের খবর পাওয়া গেছে। সেখানে রাস্তায় অনেক মৃতদেহ পড়ে আছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।রেডক্রসের আন্তর্জাতিক কমিটির কর্মকর্তা ফ্রাংক কোজো বলেন, ‘আমরা রাস্তায় অসংখ্য মৃতদেহ পড়ে থাকতে দেখেছি। দুই ঘণ্টায় ৪০টি মৃতদেহ উদ্ধার করি। আমাদের ভ্যানে জায়গা না থাকায় তখন মৃতদেহ উদ্ধারকাজ বন্ধ করতে বাধ্য হই।’ দেশটির সেনাবাহিনীর একজন কমান্ডার বলেন, ‘আমরা শহরটিকে (আবিদজান) নিরাপদ করার চেষ্টা করছি, কিন্তু সেখানে ভারী অস্ত্র রয়েছে। তবে আমরা অস্ত্রধারীদের হত্যা করছি না, শুধু বাধা দেওয়ার চেষ্টা করছি।’তবে দেশটির অন্যান্য অঞ্চলে জনজীবন অনেকটাই স্বাভাবিক। ব্যাংক খুলেছে, রাস্তায় যানবাহন চলছে।আইভোরি কোস্টে ক্ষমতা হস্তান্তর নিয়ে লরা বাগবো ও অ্যালাসেন ওয়াতারার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নির্বাচনে বিজয়ী ওয়াতারার হাতে বাগবো ক্ষমতা তুলে দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় এই রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। এ ঘটনায় গত মাসে বাগবোকে গ্রেপ্তার করা হয়।