আবিদা ও আশার সঙ্গে রুনা
কথা ছিল ৪ ফেব্রুয়ারি সাহারা ওয়ান টিভিতে শুরু হবে গান নিয়ে রিয়েলিটি শো ‘সুরক্ষেত্র’। কিন্তু তা পিছিয়ে গেছে। সম্প্রতি রুনা লায়লার মা মারা যান। তাই মাঝে কিছুদিন যেতে পারেননি রুনা। ভারত ও পাকিস্তানের ১২ জন প্রতিযোগীকে নিয়ে দুবাইয়ে শুরু হয়েছে গানের এই প্রতিযোগিতার অনুষ্ঠানটির ধারণকাজ। এখানে ভারত থেকে বিচারকের দায়িত্বে আছেন আশা ভোঁশলে আর পাকিস্তান থেকে আবিদা পারভিন। এই প্রতিযোগিতায় নিরপেক্ষ বিচারক হিসেবে আছেন রুনা লায়লা। ভারত কিংবা পাকিস্তানে নয়, প্রতিযোগিতাটি বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য তা আয়োজন করা হচ্ছে তৃতীয় আরেকটি দেশ সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে।রুনা জানান, সুরক্ষেত্র প্রতিযোগিতা নিয়ে সাহারা ওয়ান চ্যানেলে প্রচারিত হবে ৩০টি পর্ব। এরই মধ্যে আটটি পর্বের ধারণকাজ শেষ হয়েছে। পরবর্তী কাজের জন্য তিনি দুবাইতে যাচ্ছেন ৯ ফেব্রুয়ারি। প্রতিযোগিতার নম্বর প্রসঙ্গে রুনা বললেন, ‘এখানে শূন্য অথবা ১০ নম্বর দেওয়া হচ্ছে। মাঝামাঝি কিছু নেই। নম্বর দেওয়ার ব্যাপারে আমার ভূমিকাটি খুবই গুরুত্বপূর্ণ।’এই প্রতিযোগিতার বিচারকাজ করতে গিয়ে এবারই প্রথম দেখা হলো আশা ভোঁশলে ও রুনা লায়লার। কাজের ফাঁকে তাঁদের মধ্যে নাকি নানা বিষয়ে কথা হচ্ছে। রুনা বললেন, ‘আমি তো বলব, আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। আর এই ব্যাপারটা আমরা দুজনই বেশ উপভোগ করছি।’আর আবিদা পারভিনের ব্যাপারে বললেন, ‘ওনার সঙ্গে কিন্তু আমার আগে থেকেই আলাপ আছে। দেখাও হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে।’জানালেন, দুবাইয়ে একটি রেডিও স্টেশনের স্টুডিওতে ধারণ করা হচ্ছে সুরক্ষেত্র অনুষ্ঠানটি। প্রযোজনা করছেন বনি কাপুর ও সাইবাবা টেলিফিল্মস। মেন্টর হিসেবে আছেন হিমেশ রেশমিয়া ও আতিফ আসলাম।