আবিদের সঙ্গে পরিবারের স্মৃতি
খুলনা নগরের ১৮/১ মিয়াপাড়া প্রধান সড়কে ‘সুনীড়’ নামের ভাড়াবাড়ির দোতলায় মা রমা রহমানের ঘরে ঢুকলেই একটা ছবিতে চোখ আটকে যাবে। ২০০৯ সালের ডিসেম্বর মাসে রাঙ্গামাটির শুভলং লেকে আবিদ তাঁর মাকে জড়িয়ে ধরা হাস্যোজ্জ্বল ছবিটি আজ শুধুই স্মৃতি। আবিদের শূন্যতায় তাঁর মা অধ্যাপিকা রমা রহমান কান্না আর বিষণ্ন্নতায় ডুবে আছেন।বাংলাদেশে রবীন্দ্রসংগীত তথা সাংস্কৃতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র আবিদ শাহরিয়ার, বাবা মায়ের আদরের বাপির কণ্ঠ গত শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের নোনা জলের টানে ভেসে গেছে। গত রোববার সন্ধ্যায় ছেলের শোকে শয্যাশায়ী রমা রহমানের কাছে আবিদের কথা তুললে তিনি বলেন, কী আর বলব, আমার তো সবই শেষ। আমাদের বিয়ের এক বছর পরই ওর জন্ম। সেই থেকে সব সময় বুকে ধরে রেখে ওকে মানুষ করেছি। অনেক বড় হলেও ও বাইরে থেকে ফিরে বাড়িতে ঢুকেই আমার গলা জড়িয়ে ধরে খাটে এসে বসত। আমি যখন ওকে বাসে তুলে দিতে যেতাম, তখন সবার সামনে আমার পায়ে হাত দিয়ে সালাম করেই বাসে উঠত। মায়ের সঙ্গে ছেলের এমনই কত শত স্মৃতি যে আমার আছে, তা কি বলে শেষ করা যায়? ওকে ছাড়া বাঁধন আর ওর বাবার কী হবে? আমার বাপিকে কে কেড়ে নিল? আবিদ আমাকে বলত গানের নতুন অ্যালবাম, স্টুডিও গড়ার কথা। সারা ঘরেই ছড়ানো রয়েছে তার স্মৃতি-পদক-ট্রফি-ছবি ও সম্মাননা স্মারক।‘আবিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষার দিন রাস্তায় জ্যামে আটকে এমনিই ছয় মিনিট দেরি হয়ে গেছে। অনেক ঠেলে গ্রিল খুলে ও ভেতরে ঢুকল। এর কয়েক সেকেন্ড পরই ‘মা মা’ বলে চিৎকার। দেখি আমার আবিদ দারোয়ানের সঙ্গে জোরাজুরি করে তাঁকে গেট খুলতে বাধ্য করছে। আমি এগিয়ে গেলাম। ও এসে বলল, মা, আমি তো তোমার পায়ে সালাম করিনি। এ কথা বলার পর রমা রহমানের চোখ বেয়ে শুধু পানি গড়িয়ে পড়ছিল। যা কখনো থামবে কি না, কে বলবে?রমা রহমান আরও বলেন, আমার ২৪ বছরের সোনার ছেলে। ও কোনো খারাপ কিছু করেনি। ওর জন্মদিন ও ঈদের দিনে শুধু আমাকে দোয়া করতে বলত। ও যে ঢাকায় থাকত আমাকে বুঝতেই দিত না। সব সময় ফোন করে জিজ্ঞেস করত—খেয়েছ, বাবা কী করছে, কোর্টে গেছে কি না। বাঁধনকে বলো এটা করতে, ওটা করতে। সারাক্ষণই কথা বলত। ওর বন্ধুরা বলত, তোর মা যে তোকে কী করে রেখেছে, তা বুঝি না। ও আমাকে বলত, মা, তোমার অধ্যাপনা করার দরকার নেই। আমি মাসে তোমাকে ১০ হাজার টাকা দেব। তুমি কাউকে বলো না। আমি কিছু চাইনা, শুধু তুই ফিরে আয়। আবিদের চা-সিগারেটসহ কোনো নেশাই ছিল না। আমিই তাকে মজা করে বলতাম, বেটা মানুষ একটু সিগারেট না খেলে পুরুষ-পুরুষ লাগে না। ও বলত, আমি মাদকের বিরুদ্ধে গান করি, কথা বলি, আর আমিই সিগারেট খাব, তা হয়? তুমি তো মা অন্য মায়েদের থেকে উল্টো কথা বলছ। সেই ছেলে আমারে ছেড়ে ক্যামনে চলে গেল।শেষ দিন (শুক্রবার) বিকেলেও আমার সঙ্গে ফোনে বলল, কোনো প্রয়োজন হলে ঋতু নামে তাঁর এক বন্ধুর কাছে ফোন করত। শুক্রবার রাত আটটা সাড়ে আটটার দিকে ঋতু ফোন করে আমাকে বলছে, আপনার পাশে কেউ থাকলে তাকে একটু দিন তো, কথা বলব। তখন আমি বললাম, কী হয়েছে আমাকেই বলো। সে আমাকে না বলে শুধু পাশের লোক চাইছিল। আমি তখন ফোনটা ছুড়ে ফেলে দিয়ে আমার বাঁধনকে ধরতে বলি। তখন চ্যানেল আইয়ে ভাসছে বিজ্ঞাপনী সংস্থা মাত্রার আবিদসহ তিনজনের মৃত্যুর সংবাদ।রমা রহমান আরও বলেন, ও অফিসের গল্প করত। আরেফিন স্যার ওকে খুব ভালোবাসতেন।আবিদের একমাত্র ছোট ভাই বাঁধন শাহরিয়ার বলে, ঢাকা থেকে বাড়ি ফিরে ও আমার সঙ্গে গেম খেলত, ক্রিকেট খেলত। সব সময় লেখাপড়ার জন্য উৎসাহ দিত। মোবাইলে টাকা দিয়ে দিত। কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রাম ডাউনলোড করে দিত। একদিন গান শেখার সময় আমার একটা ভুলের কারণে মা আমাকে বকা দিলে দাদা মাকে থামিয়ে বলে, ওর তো শেখার এখনো সময় আছে। এ কথা বলার পর থেকে তার চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে থাকে।আবিদের বাবা বিশিষ্ট আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিনা মিজানুর রহমান বলেন, ছেলেকে আর ফিরে পাব না, কিন্তু আমার আবিদ যে এত মানুষের ভালোবাসা পেয়েছিল, তা দেখে আমার কষ্ট চেপে রাখার চেষ্টা করছি।