আবু করিম মিষ্টিকুমড়া বিক্রি করেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার উলিয়ারচরের ছালুয়া গ্রামে। তিনি জানান, দুই হাজার মিষ্টিকুমড়া কারওয়ান বাজারের একটি আড়তের সামনে টাল দিয়ে রেখেছেন। প্রতিটি মিষ্টিকুমড়া ছালুয়া গ্রাম থেকে এখানে আনতে গড়ে খরচ হয়েছে ৪০ টাকা।কারওয়ান বাজারে এখন অনেক মিষ্টিকুমড়া এসেছে। এ কারণে দাম পড়ে গেছে। কমেছে বেচাবিক্রি। তাই আবু করিমকে কুমড়া নিয়ে বসে থাকতে হচ্ছে। তিনি জানান, কিশোরগঞ্জ থেকে বিকেল পাঁচটার সময় কুমড়াভর্তি ট্রাক নিয়ে রওনা হন। ট্রাকের ভাড়া তিন হাজার ৫০০ টাকা। ট্রাক কারওয়ান বাজারে আসতে তিন-চার ঘণ্টা লাগার কথা। কিন্তু শনিরআখড়ায় আসতেই রাত ১২টা বেজে যায়। আর কারওয়ান বাজারে আসতে আরও চার ঘণ্টার মতো লাগে। ততক্ষণে পাইকারি বেচাবিক্রি শেষের দিকে থাকে। তাই মিষ্টিকুমড়া বেচতে দুই দিন লেগে যায়।এই দুই দিন আবু করিম ঘুমাতে পারেন না। মিষ্টিকুমড়া পাহারা দিতে হয়। তিনি বলেন, ‘নেশাখোররা মিষ্টিকুমড়া লইয়া দৌড় দেয়। এই পর্যন্ত ৩০টির মতো নিয়া গেছে। একটা মিষ্টিকুমড়া চার-পাঁচ কেজি ওজনের। বাড়ি বাড়ি থেইকা বাকিতে কুমড়া আনছি। বিক্রি কইরা টাকা দিব। আমার আছে ৬০ হাজার টাকার কুমড়া। কুমিল্লা, চুয়াডাঙ্গা, বিক্রমপুর থেইকা কুমড়া আইছে। কেউ বেচতে পারতাছে না। এই নিয়া চিন্তায় আছি।’আবু করিম জানান, বগুড়া, মধুপুর, কিশোরগঞ্জের মিষ্টিকুমড়া সুস্বাদু। তাই দামও বেশি পাওয়া যায়। কিশোরগঞ্জের চরাঞ্চলে এখন ধানের চেয়ে মিষ্টিকুমড়া চাষে লাভ বেশি থাকে।আবু করিম মাঝেমধ্যে আলু, কচু, ঢ্যাঁড়স নিয়েও কারওয়ান বাজারে আসেন। তাঁর নিজের পুঁজি নেই। বাকিতে কৃষকের কাছ থেকে তরকারি এনে বিক্রি করেন। এতে দুই-তিন হাজার টাকা লাভ থাকে। সারা বছর আবু করিম কৃষিকাজ করেন। তাঁর দুই ছেলে আর তিন মেয়ে। ছেলেরা বড় হয়ে গেছে। এক মেয়ের বিয়ে হয়েছে।আবু করিম ছয় মাস আগে দ্বিতীয় বিয়ে করেছেন। এ নিয়ে সংসারে অশান্তি। আবু করিমের বড় ছেলে তাঁকে মেরেছে। এ জন্য কিশোরগঞ্জ হাসপাতালে আট দিন চিকিৎসা নিতে হয়েছে তাঁকে। এখন ছোট বউ তাঁর বাপের বাড়ি আছেন। কয়েক দিন আগে আবু করিমের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। অল্পের জন্য জানে বেঁচেছেন তিনি।