আবু বকরের কক্ষে কাঁদানে গ্যাসের শেলের শক্ত খোসা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আবু বকর সিদ্দিকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি গতকাল শনিবার এ এফ রহমান হলের ৪০৪ নম্বর কক্ষ থেকে কাঁদানে গ্যাসের শেলের তিনটি অংশ উদ্ধার করেছে। এ কক্ষেই থাকতেন আবু বকর।ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক শুক্রবার সাংবাদিকদের বলেছিলেন, ‘পুলিশ এখন যে ধরনের টিয়ার গ্যাসের (কাঁদানে গ্যাস) শেল ব্যবহার করে, তাতে শেলের শক্ত অংশ নিক্ষেপক অস্ত্রের সঙ্গেই থেকে যায়। নরম অংশটুকু দূরে ছড়িয়ে পড়ে। এই নরম অংশের আঘাতে কারও মৃত্যু হওয়া অসম্ভব।’ তিনি জানিয়েছিলেন, ‘আগে রাশিয়া থেকে আমদানি করা টিয়ার গ্যাসের শেল ব্যবহার করত পুলিশ। ওই শেলের শক্ত অংশসহ নিক্ষিপ্ত হতো। এখন আর সেটা ব্যবহার করা হয় না।’পুলিশ কমিশনার দাবি করেছেন, দুই পক্ষের সংঘর্ষের সময় ইটের আঘাতে আবু বকরের মৃত্যু হয়েছে।তবে গতকাল এ এফ রহমান হলের ৪০৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র আবু বকরের বন্ধু রেজাউল করিম প্রথম আলোকে বলেন, কাঁদানে গ্যাসের শেলের আঘাতেই বকরের মৃত্যু হয়েছে। তিনি কক্ষ থেকে পাওয়া কাঁদানে গ্যাসের শেলের অ্যালুমিনিয়ামের শক্ত একটি খোসাও দেখান। রেজাউল বলেন, ‘সোমবার রাতে ৫০৩ নম্বর কক্ষের ব্যালকনি থেকে পুলিশ আমাদের লক্ষ্য করে একটি টিয়ারশেল ছোড়ে। এর আঘাতে ব্যালকনিতেই লুটিয়ে পড়েন আবু বকর।’তদন্ত কমিটির পাঁচ সদস্য গতকাল বকরের কক্ষে গেলে কক্ষের ছাত্ররা কাঁদানে গ্যাসের শেলের তিনটি খণ্ড তাঁদের হাতে তুলে দেন। তাঁদের কাছে একটি আস্ত শেল আছে বলেও কমিটিকে জানান তাঁরা। পরে সেটি কমিটিকে দেওয়া হবে।গতকাল দুপুর পৌনে ১২টায় তদন্ত কমিটির প্রধান হারুন অর রশিদ, খন্দকার বজলুল হক, আনোয়ার হোসাইন, রহমত উল্লাহ ও কে এম সাইফুল ইসলাম খান এ এফ রহমান হলে যান। তাঁরা হলের ২০৭ (হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কক্ষ), ৩১৮, ৪০৩, ৪০৪, ৪০৫, ৫০৩ ও ৫২২ নম্বর কক্ষ পরিদর্শন করেন। তবে হল ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান ফারুকের কক্ষ (১১৮ ক ও খ) বন্ধ থাকায় তাঁরা ঢুকতে পারেননি। ফারুক কারাগারে আছেন।৪০৪ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, ভেতরে পড়ে আছে কাঁদানে গ্যাসের শেলের খোসা। মেঝেতে শুকিয়ে কালচে হয়ে আছে রক্ত। পড়ার টেবিলে রক্তভেজা খাতা, বিছানা-তোশক এখনো রক্তমাখা। কাপড়চোপড়েও ছোপ ছোপ রক্ত। ভেঙে যাওয়া টিউবলাইটও পড়ে আছে সেভাবেই। টিয়ার গ্যাসের ঝাঁঝ থেকে বাঁচতে কক্ষের বাইরে আগুন জ্বালিয়েছিলেন আবু বকর ও তাঁর পাশের কক্ষের ছাত্ররা, সে ছাইও পড়ে আছে সেভাবে।তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছি। ছাত্রদের সঙ্গে সেদিনের ঘটনা নিয়ে কথা হয়েছে। তবে এখনো কিছু বলার সময় আসেনি। তবে এটি হত্যাকাণ্ড, সেটি নিয়ে সন্দেহ নেই। এখন কীভাবে ছেলেটি মারা গেল, কারা এর সঙ্গে জড়িত, সেটি খুঁজে দেখা হবে।’কাঁদানে গ্যাসের শেল নিয়ে পুলিশের বক্তব্যের সঙ্গে কোনো গরমিল পেয়েছেন কি না—জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান বলেন, ‘আমরা আমাদের মতো করে কাজ করছি। ১৫ দিনের মধ্যেই আমরা একটি প্রতিবেদন দেব। সেখানে সব বলা থাকবে।’কাঁদানে গ্যাসের শেলের বিষয়টি নিয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায় গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটি কী পেয়েছে, সেটি তারাই জানে। তবে পুলিশের ব্যবহার করা কাঁদানে গ্যাসের শেলে কারও মৃত্যু হওয়ার কথা নয়।মধুপুরে বিক্ষোভ ও মানববন্ধন: আমাদের টাঙ্গাইল অফিস জানায়, আবু বকরের হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মধুপুরে ‘টাঙ্গাইলের সচেতন ছাত্রসমাজ’-এর ব্যানারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করে। বেলা সাড়ে ১১টার দিকে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় ছাত্ররা আবু বকরের পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানায়।এ কর্মসূচির সমন্বয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হাসান ইমাম জানান, আবু বকর মধুপুরের সন্তান। তাঁর হত্যার বিচারের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এ কর্মসূচি নেওয়া হয়। তিনি অভিযোগ করেন, মধুপুর ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মানববন্ধনে শিক্ষার্থীদের আসতে স্থানীয় ছাত্রলীগ বাধা দেয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি এক বিবৃতিতে মানববন্ধন কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা: গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্যাখ্যায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ এবং পরবর্তী সময়ে একজন ছাত্রের মৃত্যুর ঘটনাটি ‘বিচ্ছিন্ন ঘটনা’—এ ধরনের কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তথ্য অধিদপ্তরের পাঠানো ব্যাখ্যায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে যে প্রতিবেদন করা হয়েছে, তাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিকভাবে প্রকাশিত হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ব্যাখ্যায় আরও বলা হয়, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত, তাদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সচিবালয়ে তিন মন্ত্রণালয়ের একটি সমন্বয় সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যু ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের ভর্তি-বাণিজ্য নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব বিচ্ছিন্ন ঘটনা। এটা কোনো ব্যাপার না। এমনটি ঘটতেই পারে। তবে আমরা কী পদক্ষেপ নিচ্ছি, সেটাই বড় বিষয়।’স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ৪ ফেব্রুয়ারি প্রায় সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে প্রচারিত হয়েছে।