সাময়িক বহিষ্কৃতদের নাম প্রকাশ, হল প্রশাসনে রদবদল ও পুলিশের ভূমিকা তদন্তের সুপারিশ
আবু বকরের মৃত্যুর কারণ নির্ণয়ে উচ্চপর্যায়ের তদন্তের সুপারিশ
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের শিকার হয়ে প্রাণ হারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর সিদ্দিকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করতে বিশেষজ্ঞদের দিয়ে অনুসন্ধানের সুপারিশ করেছে তদন্ত কমিটি।তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট যে ১০ জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে, গতকাল বুধবার তাঁদের নাম প্রকাশ করা হয়েছে। উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটির প্রতিবেদন ও সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রকাশ করেন।দায়ী হিসেবে চিহ্নিত ১০ জনকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা জানতে চেয়ে সবাইকে দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেবে সিন্ডিকেট। একই অভিযোগে এফ রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানকেও কেন বহিষ্কার করা হবে না, এর জন্য কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।প্রতিবেদনে আবু বকরের মৃত্যুর জন্য এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুজ্জামান ফারুককে মূল ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ওই দিনের ঘটনার জন্য এফ রহমান হল প্রশাসনও দায় এড়াতে পারে না। প্রতিবেদনে ওই দিন পুলিশের ভূমিকারও সমালোচনা করা হয়।এই তদন্তের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। ঘটনার জন্য দায়ীদের সাময়িক বহিষ্কার ছাড়া অন্য সিদ্ধান্তগুলো হচ্ছে এফ রহমান হল প্রশাসনে রদবদল, ওই দিন পুলিশের ভূমিকা তদন্তে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ ইত্যাদি।গত ২ ফেব্রুয়ারি এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত আবু বকর পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাঁর মৃত্যুর কারণ অনুসন্ধানে ওই দিনই সহ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদের নেতৃত্বে নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে। গতকাল ওই কমিটির প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন উপাচার্য।১৮ পৃষ্ঠার দীর্ঘ প্রতিবেদনে বলা হয়, হাতুড়ি, ইট, মোটা রডের মাথা অথবা শক্ত অন্য কোনো বস্তুর আঘাতে আবু বকরের মৃত্যু হয়েছে মর্মে দুজন বিশেষজ্ঞ চিকিত্সক যে মতামত দিয়েছেন, কমিটির কাছে তা গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। অবস্থাদৃষ্টে যতদূর সাক্ষ্যপ্রমাণ কমিটি পেয়েছে, এতে ওই শক্ত বস্তুর মধ্যে টিয়ার শেলও থাকতে পারে।তবে এ নিয়ে অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে কমিটি বলেছে, ‘অতএব কী দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিকের মৃত্যু ঘটেছে, তা সুনির্দিষ্ট করে বলতে হলে বিশেষজ্ঞদের দ্বারা সময় নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত আবশ্যক।’দায়ী যাঁরা এবং শাস্তি: তদন্ত কমিটি ওই দিনের ঘটনার জন্য মোট ১০ জনকে দায়ী করেছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তাঁদের সাময়িক বহিষ্কার করেছে। এঁরা হলেন: এফ রহমান হল ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুজ্জামান ফারুক (আরবি বিভাগ, মাস্টার্স পরীক্ষার্থী), মনসুর আহমেদ (আইইআর, মাস্টার্স), আসাদুজ্জামান রনি (দর্শন বিভাগ, তৃতীয় বর্ষ), আলম-ই-জুলহাস জুয়েল (হিসাববিজ্ঞান বিভাগ, তৃতীয় বর্ষ), আবু জাফর মো. সালাম (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, মাস্টার্স), তৌহিদুল ইসলাম খান তুষার (মার্কেটিং বিভাগ, তৃতীয় বর্ষ), এনামুল হক (আইন বিভাগ, মাস্টার্স), মফিদুল ইসলাম খান (অর্থনীতি বিভাগ, দ্বিতীয় বর্ষ), রকিব উদ্দিন (হিসাববিজ্ঞান বিভাগ, তৃতীয় বর্ষ) ও মেহেদী হাসান (বাংলা বিভাগ, দ্বিতীয় বর্ষ)।এই ১০ জনকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা জানতে চেয়ে সবাইকে দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেবে সিন্ডিকেট।সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, শাস্তিপ্রাপ্তদের বিরুদ্ধে স্থায়ী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাঁরা বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের একাডেমিক কার্যকলাপে অংশ নিতে পারবেন না এবং তাঁদের অপ্রকাশিত ফলাফল স্থগিত থাকবে। এদিকে বহিষ্কৃতদের মধ্যে দুজন মফিদুল ইসলাম খান ও মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে।পুলিশের ভূমিকা সম্পর্কে কমিটি: প্রতিবেদনে বলা হয়, ‘পুলিশের হস্তক্ষেপ আবশ্যকীয় ছিল সন্দেহ নেই, তবে ঠাসাঠাসি অবস্থায় থাকা এমন একটি হলের অভ্যন্তরে এত-সংখ্যক টিয়ার শেল নিক্ষেপ করা কতটা যুক্তিযুক্ত ছিল, সে বিষয়টি পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে স্পষ্ট নয়। এ প্রশ্ন থেকেই যাবে। অন্যদিকে পুলিশ কর্মকর্তারা কেবল তৃতীয় তলায় তাঁদের অবস্থানের কথা বললেও পুলিশের সদস্যরা হলের চতুর্থ ও পঞ্চম তলায় গিয়েছেন বলেও কমিটি মনে করে। ঘটনাস্থল পরিদর্শনকালে কমিটি এর আলামত দেখতে পায়।’এফ রহমান হলে হল প্রশাসন বলতে কোনো কিছুর ‘অস্তিত্ব নেই বললেই চলে’ মন্তব্য করে কমিটি হল প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও সিট দখলের রাজনীতি বন্ধ করার তাগিদ দিয়েছে।