আবু বকরের মৃত্যুর জন্য ১০ ছাত্র দায়ী, বহিষ্কারের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আবু বকর সিদ্দিকের মৃত্যুর ঘটনায় ১০ ছাত্রকে চিহ্নিত করে তাঁদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। আবু বকর সিদ্দিকের মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় পেশ করার পর এ সিদ্ধান্ত হয়। এর আগে তদন্ত প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দেন কমিটির প্রধান সহ-উপাচার্য হারুন-অর-রশিদ। সূত্র জানায়, প্রতিবেদনে সেদিন এফ রহমান হলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য ছাত্রলীগের হল কমিটির সাবেক সভাপতি সাইদুজ্জামান ফারুকসহ ১০ জনকে দায়ী করা হয়েছে। গতকালের সভায় এই ১০ জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এরপর কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। প্রতিবেদনে বলা হয়, শক্ত ও ভোতা অস্ত্রের আঘাতেই মারা গেছেন আবু বকর সিদ্দিক। এটা পুলিশের কাঁদানে গ্যাসের শেলও (টিয়ার শেল) হতে পারে। তদন্ত প্রতিবেদনে এফ রহমান হলের প্রশাসনে রদবদলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ওই দিনের ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তের জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়। সিন্ডিকেটের সভা শেষে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন সিন্ডিকেটের সভায় গৃহীত হয়েছে। তদন্তের বিষয় ও করণীয় নিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন করা হবে। হারুন-অর-রশিদ সাংবাদিকদের জানান, এ প্রতিবেদন তৈরির জন্য হল প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, প্রক্টর, সহকারী প্রক্টর, পুলিশের রমনা এলাকার অতিরিক্ত উপকমিশনার, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আবু বকরের রুমমেট, হলের সাধারণ ছাত্র, ঘটনার পরিপ্রেক্ষিতে করা মামলার আসামি এবং সাংবাদিকসহ ৪৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় আবু বকর সিদ্দিক নিজ কক্ষের বারান্দায় গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তির পর ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তার মৃত্যুর কারণ অনুসন্ধানে ওই দিনই নয় সদস্যের তদন্ত কমিটি করে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় কমিটি পাঁচ কার্যদিবস সময় বাড়িয়ে নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। সূত্র জানায়, প্রতিবেদনে সংঘর্ষের ঘটনার বর্ণনা, মৃত্যুর কারণ, কারা মৃত্যুর জন্য দায়ী ইত্যাদি তথ্যসহ গুরুত্বপূর্ণ সব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি তৈরির ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। এ ছাড়া আলামতসহ ময়নাতদন্তের প্রতিবেদন, ফরেনসিক বিভাগের মতামত ও নিউরো সার্জারি বিভাগের মতামত সংযুক্ত করা হয়েছে।