আবু বকরের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আবু বকর সিদ্দিকের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্য শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন থেকে দাবি জানানো হয়, আর যেন এভাবে কোনো ছাত্রের মৃত্যু না ঘটে।গত সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন আবু বকর। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মানববন্ধন শেষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রথম আলোকে জানান, ‘এ রকম মৃত্যু যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কারও না হয়। আমরা এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ‘আবু বকর বিভাগের পঞ্চম সেমিস্টারের একজন মেধাবী ছাত্র ছিল। বিভাগের গত পরীক্ষায় সে দ্বিতীয় হয়। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সংঘাতের শিকার হয়ে যেসব ছাত্র প্রাণ হারিয়েছে, সেসব ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি। আমরা আশা করছি, আবু বকরের হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার হয়ে একটি দৃষ্টান্ত স্থাপিত হবে।’