আবু বকরের হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
আবু বকর ছিদ্দিকের হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘নির্যাতন বিরোধী ছাত্র-ছাত্রীবৃন্দ’ ব্যানারে আজ সোমবার সকাল ১০টা থেকে এই মানববন্ধন চলছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০০ থেকে ২৫০ শিক্ষার্থী এতে যোগ দিয়েছেন।মানববন্ধন থেকে আবু বকর হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার, বর্তমান তদন্ত কমিটি বাতিল, প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান, এ এফ রহমান হলের প্রাধ্যক্ষের অপসারণসহ দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসকে সন্ত্রাস ও দখলদারমুক্ত করা এবং আবু বকরের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়।কর্মসূচির সমন্বয়ক কাজল আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, বিবেকের তাড়নায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই আন্দোলন। ক্যাম্পাসে যেন আর কাউকে প্রাণ দিতে না হয় এবং অতীতের হত্যাগুলোর যেন বিচার হয়; সেই দাবিতে সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলন চলবে।গত সোমবার বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে আহত হন ইসলামের ইতিহাসের তৃতীয় বর্ষের ছাত্র আবু বকর। ৪০ ঘণ্টা চিকিত্সাধীন থাকার পর বুধবার সকালে তিনি মারা যান।