আবুধাবি থেকে লাশ আসবে ১০-১৩ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল আইনে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের দেহ ১০ থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে ঢাকায় আসবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লাশ আনা হবে। আজ বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ২০ জন বাংলাদেশির মৃত্যুর শোক পূরণ হওয়ার নয়। নিহত ব্যক্তিদের প্রত্যেকের দাফনের জন্য বিমানবন্দরে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া সরকার দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে। এর বাইরে নিহত ব্যক্তিরা যে কোম্পানিতে চাকরি করতেন, সেখান থেকে প্রত্যেকের জন্য প্রায় ৪০ লাখ টাকা করে ক্ষতিপূরণ আদায় করা হবে। গত সোমবার আরব আমিরাতের আইন এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন বাংলাদেশি নিহত হন। তাঁদের লাশ বর্তমানে আল আইন হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে আটজনের বাড়ি চট্টগ্রামে। তিনজনের সিলেট বিভাগে ও অন্যদের রাজধানীর কাছে বিভিন্ন জেলায়। মন্ত্রী জানান, চট্টগ্রামের আটজনের লাশ ১০ ফেব্রুয়ারি আরব আমিরাত থেকে সরাসরি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে পরিবারের সদস্যদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে। ঢাকা বিমানবন্দরে আটজনের লাশ আসবে ১২ ফেব্রুয়ারি। আর সিলেটের কাছাকাছি জেলার তিনজনের লাশ আসবে ১৩ ফেব্রুয়ারি। একজনের পূর্ণাঙ্গ ঠিকানা এখনো পাওয়া যায়নি। ঠিকানা পাওয়া গেলে তাঁর লাশও সেভাবে আনা হবে। নিহত ব্যক্তিদের মধ্যে আটজন চট্টগ্রামের। তাঁরা হলেন—চট্টগ্রামের আনোয়ারার খাশখামা গ্রামের শাহ আলমের ছেলে বোরহানউদ্দিন, ফটিকছড়ির উত্তর পাইন্ডং গ্রামের আবদুল গনির ছেলে মোহাম্মদ আরিফ, একই থানার দক্ষিণ পাইন্ডং গ্রামের আবদুল মোতালেবের ছেলে আলাউদ্দিন, ধর্মপুর গ্রামের আলী হোসেনের ছেলে মোহাম্মদ হাশেম, রায়পুর গ্রামের নজির মিয়ার ছেলে সিরাজুল ইসলাম মজুমদার, কাঞ্চননগর গ্রামের আমিনুল হকের ছেলে নুরুল আলম, রাউজানের উত্তর সার্তা গ্রামের মোহাম্মদ ইদ্রিসের ছেলে খোরশেদ আলম এবং তাঁর ভাই মাসুদ রানা। নিহতদের মধ্যে তিনজন কুমিল্লার। তাঁরা হলেন—কুমিল্লার মনোহরগঞ্জ থানার নারারপাড় গ্রামের আবুল হোসাইনের ছেলে নূর আলম, মুরাদনগরের হিরাপুর গ্রামের মালু মিয়ার ছেলে হাবিবুর রহমান ও আলীর চর গ্রামের সুন্দর আলীর ছেলে আনোয়ার হোসেন। অন্যরা হলেন—ফরিদপুরের বোয়ালমারী থানার বাংসারদি গ্রামের সামাদ মোল্লার ছেলে শাহজাহান মোল্লা, সদরপুর থানার চেরাগ আলী মুন্সিকান্দি গ্রামের জহিরউদ্দিন মুন্সীর ছেলে রোকন মুন্সী, লক্ষীপুরের কমলনগর থানার চর ফ্যালকন গ্রামের রুহুল আমিনের ছেলে ফারুক হোসেন, একই থানার চরজগবন্ধু গ্রামের মনির হোসেনের ছেলে ফারুক হোসেন, নেত্রকোনা জেলার বারহাট্টা থানার বাউশি গ্রামের উজ্জ্বল মিয়া, রাজবাড়ী সদরের রামকান্তপুর গ্রামের কাসেম কবিরাজের ছেলে জয়নাল কবিরাজ, মুন্সিগঞ্জের শ্রীনগরের মদনখালী গ্রামের শেখ আলিফের ছেলে বাশার এবং মৌলভীবাজারের বড়রেখা থানার গোল্লাশনগঞ্জ গ্রামের ওহাব আলীর ছেলে ওয়াসির আলী। নিহত উজ্জ্বল বিশ্বাসের গ্রামের বাড়ির ঠিকানা জানা যায়নি। আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর লতিফুল হক কাজমী জানিয়েছেন, নিহতরা আল হাকিম ডেকোরেশন কোম্পানিতে চাকরি করতেন। ওই কোম্পানির তত্ত্বাবধানে ৪৬ জন কর্মী একটি বাসে করে কাজে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা কংক্রিট বোঝাই একটি লরির সংঘর্ষ হলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। লরিটি বাসের ওপর পড়ে। এতে ২২ জন মারা যান। এ ছাড়া দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে লক্ষীপুরের কমলনগর থানার চর জাঙ্গালিয়া গ্রামের আনছার হোসেনের ছেলে মোহাম্মদ সেলিম মিয়া ও একই থানার চর ফ্যালমন গ্রামের নূর মোহাম্মদের ছেলে বেলাল হোসেন এবং কুমিল্লার তিতাস থানার জয়পুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শাহ জালাল নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন। আহত বাকি নয়জন বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়।