আবুধাবিতে নিহত বাকি দুজনও বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আল আইনে সড়ক দুর্ঘটনায় নিহত বাকি দুজনও বাংলাদেশি। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের সংখ্যা ২০ জনে দাঁড়াল।সর্বশেষ পরিচয় পাওয়া দুই বাংলাদেশি হলেন—চট্টগ্রাম জেলার রাউজানের উত্তর সার্তা গ্রামের মোহাম্মদ ইদ্রিসের ছেলে মাসুদ রানা এবং লক্ষীপুর জেলার কমলনগরের মনির হোসেনের ছেলে ফারুক হোসেন। ওই দুর্ঘটনায় মাসুদ রানার ভাই খোরশেদ আলমও মারা গেছেন। গত সোমবার সকালে আমিরাতের আল আইন শহরে বালিভর্তি ট্রাক ও শ্রমিকদের বহনকারী বাসের সংঘর্ষে ২২ জন নিহত ও ৩৬ জন আহত হন। এর মধ্যে নিহত ১৮ জন বাংলাদেশির পরিচয় আগেই পাওয়া গিয়েছিল। বাকি দুজনের পরিচয় আজ নিশ্চিত হয়েছে দূতাবাস। দুর্ঘটনায় একজন ভারতীয় ও একজন মিসরীয় নাগরিকও নিহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস এবং ঢাকার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সূত্রে জানা গেছে, মৃতদেহ দেশে আনতে সাত থেকে দশ দিন লেগে যেতে পারে। আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর লতিফুল হক কাজমী প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, নিহত লোকজনের দেহ বর্তমানে আল আইন হাসপাতালে রাখা আছে। তদন্তসহ সব প্রক্রিয়া শেষ করে মরদেহ দেশে পাঠানো হবে।