আবুধাবিতে নিহত ৭ প্রবাসীর লাশ চট্টগ্রামে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সাতজনের মরদেহ আজ রোববার বাংলাদেশে পৌঁছেছে। মরদেহবাহী বিমানটি সকাল আটটা ৫০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছে। সকাল ১০টার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কল্যাণ) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।যাঁদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তাঁরা হলেন: জেলার আনোয়ারা উপজেলার খানসামা গ্রামের বোরহানউদ্দিন, ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি গ্রামের সিরাজুল ইসলাম মজুমদার, ফটিকছড়ির ধর্মপুর গ্রামের মো. হাশেম, ফটিকছড়ির উত্তর পাইন্দং গ্রামের মো. আরিফ, ফটিকছড়ির দক্ষিণ পাইন্দং গ্রামের মো. আলাউদ্দিন এবং রাউজানের উত্তরশর্তা গ্রামের দুই ভাই খোরশেদুল আলম ও মাসুদ রানা।বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে লাশ পরিবহন ও দাফনের জন্য নিহতদের পরিবারপ্রতি ৩৫ হাজার টাকা করে চেক হস্তান্তর করা হয়।গত সোমবার আবুধাবির আল আইন শহরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২২ জন নিহত হন। তাঁদের মধ্যে ২০ জন বাংলাদেশি। এই ২০ জনের মধ্যে আটজনের বাড়ি চট্টগ্রামে। তবে আজ সাতজনের মরদেহ দেশে আনা হয়েছে।চট্টগ্রাম জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার প্রথম আলো ডটকমকে বলেন, ওই দুর্ঘটনায় নিহত আরেকজন হলেন চট্টগ্রামের ফটিকছড়ির মধ্যম কাঞ্চননগর গ্রামের মো. নুরুল আলম। তাঁর মরদেহ আগামী মঙ্গলবার দেশে আনা হবে।মোহাম্মদ জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘নিহতের পরিবার উত্তরাধিকার সনদ জমা দিলে সরকারের পক্ষ থেকে দুই লাখ টাকা করে দেওয়া হবে। আবুধাবি সরকার নিহতদের পরিবারপ্রতি ৪০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে পারে, তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।’