আবুধাবিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে চার দিনের এক সরকারি সফরে আজ রোববার সেখানে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে আবুধাবি বিমানবন্দরে পৌঁছান। খবর বাসসের।এ সময় সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন এবং আমিরাত সরকারের সিনিয়র কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।পরে তাঁদের মোটর শোভাযাত্রা সহকারে আমিরাত প্রাসাদে নিয়ে যাওয়া হয়।আমিরাতে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ বিশ্ব ভবিষ্যত্ জ্বালানি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। আগামীকাল সোমবার এই সম্মেলন শুরু হচ্ছে।তাঁর অন্য সফরসঙ্গীর মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও প্রেস সচিব আবুল কালাম আজাদসহ প্রমুখ।