আবুধাবির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে চার দিনের রাষ্ট্রীয় সফরের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে আবুধাবির পথে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী সকাল নয়টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আবুধাবির উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। এ সময় মন্ত্রিসভার সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বিমানবন্দরে বিদায় জানান।সফরকালে প্রধানমন্ত্রী কাল সোমবার থেকে অনুষ্ঠেয় ‘ভবিষ্যত্ জ্বালানি’ শীর্ষক সম্মেলনে (ডব্লিউএফইএস) যোগ দেবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর আবুধাবি সফরের সময় দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে।প্রধানমন্ত্রী এ সফরে ৯৩ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তাঁদের মধ্যে আছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের নেতৃত্বে ৩০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল।সংযুক্ত আরব আমিরাত সফর শেষে প্রধানমন্ত্রীর ১৯ জানুয়ারি বিকেলে ঢাকায় ফেরার কথা।