আবুল আহসানকে জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী খন্দকার আবুল আহসানকে জেরা শেষ করেছে আসামিপক্ষ।আজ সোমবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবুল আহসানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী একরামুল হক। সরকারি কর্মকর্তা আবুল আহসান শহীদ বুদ্ধিজীবী খন্দকার আবু তালেবের ছোট ছেলে ।জেরায় আসামিপক্ষের আইনজীবী তাঁর কাছে বিএনআর ল ফার্মের পূর্ণরূপ জানতে চান। জবাবে আবুল আহসান বলেন, এটি তাঁর মনে নেই। ১৯৭১ সালে মিরপুরের লোকজনের মধ্যে কত ভাগ বিহারি ছিল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৯০ শতাংশ। আইনজীবীরা জানতে চান, বঙ্গবন্ধুর নির্দেশে মিরপুরে বিডিআর মোতায়েন করা হয়েছিল—এ তথ্য তিনি (আবুল আহসান) কার কাছে শুনেছেন। তিনি এটি তাঁর বাবার কাছে শুনেছেন বলে জানান। জেরা শেষে আইনজীবী একরামুল হক সাক্ষীর দেওয়া বক্তব্যকে বানোয়াট ও মিথ্যা বলে মন্তব্য করেন।এর আগে গতকাল রোববার খন্দকার আবুল আহসান জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে কাদের মোল্লা ও তাঁর সহযোগীদের উপস্থিতিতে মিরপুরের জল্লাদখানায় তাঁর বাবা বুদ্ধিজীবী খন্দকার আবু তালেবকে হত্যা করা হয়।