আবুল কালাম আযাদের বিরুদ্ধে অভিযোগ আমলে
জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে গ্রেপ্তার অথবা এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার এ আদেশ দেন। এ প্রসঙ্গে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর এটি ট্রাইব্যুনালের নিয়মিত মামলা হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এ জন্য ট্রাইব্যুনাল বাচ্চু রাজাকারের (আবুল কালাম আযাদ) বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ট্রাইব্যুনাল ২৩ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে গ্রেপ্তার অথবা এ-সংক্রান্ত প্রতিবেদন (এক্সিকিউশন রিপোর্ট) দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।’রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩ এপ্রিল এই ট্রাইব্যুনাল সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু পুলিশ ওই দিন তাঁর দক্ষিণখানের বাড়ি ‘আযাদ ভিলা’য় গিয়ে তাঁকে পায়নি। তিনি পলাতক। রাষ্ট্রপক্ষ ২ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশের জন্য ধার্য দিন ছিল গতকাল।মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গত বছরের ১০ এপ্রিল আবুল কালাম আযাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করে। চলতি বছরের ২৬ জুলাই তদন্ত শেষ হয়। আনুষ্ঠানিক অভিযোগে মুক্তিযুদ্ধকালে আবুল কালাম আযাদের বিরুদ্ধে ১৪ জনকে হত্যা, তিন নারীকে ধর্ষণ, নয়জনকে অপহরণ, ১০ জনকে আটক রাখা, পাঁচ বাড়িতে অগ্নিসংযোগ এবং ১৫টি বাড়ির মালামাল লুণ্ঠনের অভিযোগ রয়েছে।