আবুল কালামকে গ্রেপ্তার করা যায়নি
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রোকন) আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে গ্রেপ্তার করতে তাঁর উত্তরখানের বাসভবন আযাদ ভিলায় আজ মঙ্গলবার অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।বেলা পৌনে তিনটার দিকে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুনন্দা রানী গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আবুল কালামের উত্তরখানের আযাদ ভিলায় যান। ডিবির দলটি ওই বাড়িতে তল্লাশি চালায়। তবে সেখানে তাঁকে খুঁজে না পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে তারা ফিরে যায়।মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ মঙ্গলবার ‘সুষ্ঠু ও কার্যকর’ তদন্তের স্বার্থে আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।সহকারী কমিশনার সুনন্দা রানী বলেন, গ্রেপ্তারি পরোয়ানা হাতে পেয়ে তাঁরা পরোয়ানা তামিল করতে এসেছিলেন। কিন্তু আজাদকে তাঁর বাসায় খুঁজে পাওয়া যায়নি। এখন তাঁকে গ্রেপ্তারের জন্য দেশের সব থানায় তাঁর ছবিসহ পরোয়ানা পাঠিয়ে দেওয়া হবে।আজাদের মেয়ে তামানিয়া জান্নাত সাংবাদিকদের জানান, সোমবার রাত সাড়ে তিনটার দিকে তাঁর বাবা বাসা থেকে বের হন। এর পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। তাঁর বাসার সামনে এখন পোশাকধারী কোনো পুলিশ নেই। তবে সাদা পোশাকের পুলিশের নজরদারি রয়েছে বলে জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের কর্মকর্তারা।মুক্তিযুদ্ধকালে ফরিদপুরের বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাদের সঙ্গে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের সঙ্গে আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী ট্রাইব্যুনালকে বলেন, আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। তদন্তকারী কর্মকর্তা ফরিদপুরে তাঁর অপরাধের তদন্ত করতে গিয়ে নানা ধরনের বাধার সম্মুখীন হয়েছেন। তদন্তকারী কর্মকর্তার কাছে জবানবন্দি দেওয়ার পর আবুল কালামের লোকজন তাঁর অপরাধের প্রত্যক্ষদর্শী সাক্ষী রঞ্জিত দেবনাথকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। রঞ্জিত এ বিষয়ে থানায় জিডি করেছেন। এ ছাড়া তাঁরা এলাকার মানুষকে হুমকি-ধমকি দিয়ে ত্রাস সৃষ্টি করায় তাঁর বিরুদ্ধে সাক্ষ্য সংগ্রহে অসুবিধা হচ্ছে। তিনি পাঁচটি বেসরকারি সংস্থার (এনজিও) মালিক, এলাকায় তাঁর ব্যাপক প্রভাব রয়েছে। তদন্ত সুষ্ঠু ও কার্যকরভাবে শেষ করতে হলে তাঁকে গ্রেপ্তার করা দরকার।এরপর ট্রাইব্যুনাল আদেশের জন্য আজ দিন ধার্য করেন এবং আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।