আবুল কালামকে পালাতে সহায়তাকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে পালিয়ে যেতে সহযোগিতা করার মামলায় আবু ইউসুফকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শেরেবাংলা নগরের স্টাফ কোয়ার্টারের ই/৫৫ নম্বর ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।আবু ইউসুফের বরাত দিয়ে র‌্যাব-২-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান উদ্দিন খান প্রথম আলো ডটকমকে বলেন, তিনি (আবু ইউসুফ) আট বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত বলে দাবি করেছেন। আবু ইউসুফ মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট নামের একটি বেসরকারি সংস্থার উপদেষ্টা। আবুল কালাম এই সংস্থার চেয়ারম্যান। র‌্যাবের কর্মকর্তারা জানান, আবুল কালামকে মাইক্রোবাসে করে সীমান্তে পৌঁছে দেওয়ার বর্ণনা তিনি র‌্যাবের কাছে দিয়েছেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসাইন প্রথম আলো ডটকমকে বলেন, আবু ইউসুফ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কিন্তু কিছুদিন আগে হাইকোর্টের এক রায়ে তিনিসহ চারদলীয় জোট সরকারের সময় নিয়োগ পাওয়া অনেকেরই চাকরি চলে যায়।মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৩ এপ্রিল আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাঁর বিরুদ্ধে পাকিস্তানি সেনাদের সহযোগিতা এবং ফরিদপুরে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ নানা মানবতাবিরোধী অপরাধের তথ্য পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরোয়ানা জারির পর পুলিশ তাঁর বাসায় তল্লাশি করে তাঁকে পায়নি।আবুল কালাম সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ৯ এপ্রিল রাজধানীর লোহারপুল এলাকায় একটি বাসা থেকে তাঁর বড় ছেলে এস এম ফয়সল আযাদকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যানুযায়ী ছোট ছেলে এ কিউ মুশফিকবিল্লাহ জিহাদকে গ্রেপ্তার করা হয় মামা কাজী এহতেশামের বাসা থেকে। একই সঙ্গে তাঁদের মামাকেও গ্রেপ্তার করে র‌্যাব।র‌্যাবের জিজ্ঞাসাবাদে ছোট ছেলে মুশফিকবিল্লাহ জানান, গ্রেপ্তারের বিষয়টি আঁচ করতে পেরে পাকিস্তানে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁর বাবা। সে অনুযায়ী ৩০ মার্চ সন্ধ্যার পর একটি মাইক্রোবাসে করে তাঁরা বাসা থেকে বের হন। প্রথমে যান আবু ইউসুফের আগারগাঁও এলাকার বাসায়। সেখানে বসে পাকিস্তান বা নেপাল যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।মুশফিকবিল্লাহ জানান, ওই রাতেই তাঁরা হিলি সীমান্তে পৌঁছেন। আবু ইউসুফ গাড়ি নিয়ে রাত সাড়ে তিনটার দিকে সেখানে পৌঁছে চাপিলা নামের একটি হোটেলে ওঠেন। ওই হোটেল দুই দিন থাকার পর আবুল কালাম আযাদ ভারতে ঢুকে পড়েন। ৩ এপ্রিল তিনি ভারত থেকে শ্যালককে ফোন করে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান।