আবুল কালামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। ২৯ জুলাই রোববার মানবত-াবিরোধী অপরাধ তদন্ত সংস্থা এই প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেবে।তদন্ত সংস্থার বেইলি রোডের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করার তথ্য জানানো হয়। তদন্ত সংস্থা জানায়, তদন্তে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্মান্তরিত ও দেশান্তর করার মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার তথ্যপ্রমাণ মিলেছে।প্রেস ব্রিফিংয়ে তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য এম সানাউল হক বলেন, বাচ্চু রাজাকারের গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার বড়খাড়দিয়া (ছয়আনি) গ্রামে। একাত্তরে ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সদস্য বাচ্চু রাজাকার তাঁর শ্বশুর চান গাজীর সঙ্গে রাজাকার বাহিনী গড়ে তোলেন।ব্রিফিংয়ে বলা হয়, মুক্তিযুদ্ধকালে অসংখ্য মানুষকে হত্যার সঙ্গে বাচ্চু রাজাকারের সংশ্লিষ্টতা তদন্তে উঠে এসেছে। হত্যাকাণ্ডের শিকার ১৪ জনের পরিচয় ও এ-বিষয়ক বিস্তারিত তথ্যপ্রমাণ মিলেছে। বেশ কয়েকটি হত্যাকাণ্ডে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অসংখ্য অভিযোগ রয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার তিন নারীর পরিচিতিসহ বিস্তারিত তথ্যপ্রমাণ মিলেছে। ফরিদপুরের অসংখ্য মানুষ তাঁর অত্যাচারে দেশত্যাগ করতে বাধ্য হন। নাম-পরিচয় মিলেছে এমন নয়জনসহ অজ্ঞাত অনেককে তিনি ধর্মান্তরিত হতে বাধ্য করেছেন। এ ছাড়া তিনি ছিলেন মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন জামায়াতের বর্তমান সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ঘনিষ্ঠ সহচর।সানাউল হক বলেন, একাত্তরে বাচ্চু রাজাকার ছিলেন ফরিদপুরের অন্যতম নৃশংস হত্যাকারী ও ধর্ষক। একাত্তরে তাঁকে ও মুজাহিদকে একসঙ্গে ফরিদপুর স্টেডিয়াম ও সার্কিট হাউসে দেখা গেছে।তদন্ত সংস্থার সদস্যরা আরও জানান, তদন্তে পাওয়া তথ্যপ্রমাণ অনুসারে বাচ্চু রাজাকার মুক্তিযুদ্ধকালে নয়জনকে অপহরণ, ১০ জনকে আটক, পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ এবং ১৫টি বাড়ির মালামাল লুণ্ঠন করেন। ১০টি ঘটনায় এসব অভিযোগ প্রমাণের জন্য তাঁর বিরুদ্ধে অর্ধশতাধিক সাক্ষী রয়েছেন। এ ছাড়া দালিলিক তথ্যপ্রমাণ হিসেবে রয়েছে একাত্তরের বিভিন্ন দৈনিক পত্রিকা, ফরিদপুর জেলা প্রশাসন থেকে পাঠানো বিভিন্ন তথ্য, খসড়া মানচিত্র, ভিডিওচিত্র প্রভৃতি।তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান সাংবাদিকদের বলেন, গত বছরের ১০ এপ্রিল বাচ্চু রাজাকারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তাঁকে ধরার জন্য ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে। তবে পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতেই বিচার চলতে পারে।জানতে চাইলে গতকাল সন্ধ্যায় আবদুল হান্নান খান প্রথম আলোকে বলেন, ‘বাচ্চু রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী রোববার প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হবে।’রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বাচ্চু রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু উত্তরখানে বাচ্চু রাজাকারের বাসভবন আযাদ ভিলায় গিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। তিনি বর্তমানে পলাতক। গোয়েন্দা সূত্রের উল্লেখ করে তদন্ত কর্মকর্তারা বলেন, তিনি নেপাল হয়ে পাকিস্তানে পালিয়ে গিয়ে থাকতে পারেন।