আবুল কাশেমের সংসদ সদস্য পদ অবৈধ
টাঙ্গাইল-৫ আসনের সাংসদ আবুল কাশেমের সদস্য পদ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাঁর করা আপিল আবেদন খারিজ করে দেন আদালত। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আবুল কাশেম টাঙ্গাইল-৫ আসন থেকে নির্বাচিত হন। তবে তিনি ঋণ ও বিল খেলাপি উল্লেখ করে দ্বিতীয় বিজয়ী প্রার্থী মেজর জেনারেল (অব.) মাহামুদুল হাসান হাইকোর্টে (নির্বাচনী ট্রাইব্যুনাল) আবেদন করেন। এর আগে ২০০৯ সালের ১ জানুয়ারি আবুল কাশেমের সংসদ সদস্যের গেজেট প্রকাশিত হয়। একই বছরের ১৫ ডিসেম্বর শুনানির পর হাইকোর্ট রায় দেন। রায়ে তাঁকে সংসদ সদস্য ঘোষণার গেজেট অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়।হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আবুল কাশেম আপিল বিভাগে আবেদন করেন। আপিলের ওপর শুনানি শেষে আদালত আজ রায় দেন। রায়ে বলা হয়, আবেদনটি খারিজ করা হলো। হাইকোর্টের রায়ে ওই আসনে দ্বিতীয় বিজয়ী প্রার্থীকে (মাহামুদুল হাসান) রায়ের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে নির্বাচিত ঘোষণা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়।আদালতে আবুল কাশেমের পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও শাহ মঞ্জুরুল হক এবং মাহামুদুল হাসানের পক্ষে এম আমীর-উল ইসলাম ছিলেন। এম আমীর-উল ইসলাম বলেন, আদালত আবুল কাশেমের আপিল আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে মাহামুদুল হাসানকে সংসদ সদস্য ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকল।