সদ্য পদত্যাগী মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের প্রশংসা করে তাঁকে দেশপ্রেমিক হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে লন্ডনে একটি হোটেলে স্থানীয় বাংলা গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আবুল হোসেন দেশপ্রেমিক। তাই তিনি দেশের সম্মান রাখতে পদত্যাগ করেছেন। কোনো মন্ত্রীর “গাটস” থাকে যে পদত্যাগ করে! এটা একমাত্র আওয়ামী লীগ আমলেই সম্ভব। আমাদের সেই সাহস আছে।’ব্রিটেনের রানির আমন্ত্রণে লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বুধবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে লন্ডন পৌঁছান শেখ হাসিনা। সন্ধ্যায় তিনি লন্ডনে কর্মরত বাংলা গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময় সভায় মিলিত হন। যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী ও সোশ্যাল সেক্রেটারি সৈয়দ আলীর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা পিছু হটে না। আমি বলেছি, দেশের টাকায় পদ্মা সেতু হবে, সেটা হবেই।’পদ্মা সেতু দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংকের অবস্থান সম্পর্কে শেখ হাসিনা বলেন, নিজেদের পছন্দের প্রতিষ্ঠান কাজ পায়নি দেখেই বিশ্বব্যাংক আবুল হোসেনের সঙ্গে লেগেছে। বিশ্বব্যাংক তাদের পছন্দের প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগের জন্য বারবার চাপ দিচ্ছিল। সেই বিশেষ কোম্পানির কাছ থেকে কোনো কমিশন খেয়েছে কি না, আপনারা সাংবাদিকেরা সেটা খতিয়ে দেখেন।’ মতবিনিময় সভায় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকায় বললেন অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর মতো অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও পদত্যাগী মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে ‘দেশপ্রেমিক’ বলে আখ্যায়িত করেছেন। ঢাকায় সচিবালয়ে গতকাল মোবাইল ফোন অপারেটর কোম্পানির থ্রি-জি লাইসেন্স সম্পর্কিত এক আন্তমন্ত্রণালয়ের বৈঠক শেষে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, ‘সত্যিকারের দেশপ্রেম থেকেই সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন। আশা করি, তাঁর এই স্বেচ্ছা পদত্যাগ বিশ্বব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ক্ষেত্রে সহায়ক হবে।’আবুল হোসেন যে পদত্যাগ করেছেন তা বিশ্বব্যাংককে জানানো হয়েছে—এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এখন দেখি কী হয়।’ বিশ্বব্যাংক যদি ফিরে না আসে, তাহলে কী হবে—এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’