আবুল হোসেন দেশপ্রেমিক নন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন দেশপ্রেমিক ছিলেন না। তাঁকে বেহায়া বলা উচিত। কেননা তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার ১০ মাস পর তিনি পদত্যাগ করেছেন। তাঁর কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থ বরাদ্দ বাতিল করেছে। তিনি দেশপ্রেমিক হলে অভিযোগ ওঠার পরই পদ্মা সেতুর স্বার্থে পদত্যাগ করতেন। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ এসব কথা বলেন। ‘শিক্ষাঙ্গনে সংকট’ শিরোনামে বিএনপি এ সেমিনারের আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার রাতে লন্ডনে একটি হোটেলে স্থানীয় বাংলা গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সদ্য পদত্যাগী মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের প্রশংসা করে তাঁকে দেশপ্রেমিক অভিহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আবুল হোসেন দেশপ্রেমিক। তাই তিনি দেশের সম্মান রাখতে পদত্যাগ করেছেন। কোনো মন্ত্রীর “গাটস” থাকে, যে পদত্যাগ করে! এটা একমাত্র আওয়ামী লীগ আমলেই সম্ভব। আমাদের সেই সাহস আছে।’প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ মন্ত্রীর পক্ষে সাফাই গাইছেন। পদ্মা সেতু বিষয়ে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে সরকারকে এর জন্য দায়ী করেন বিএনপির এই নেতা । তিনি বলেন, বিশ্বব্যাংক নিয়ে সরকার দ্বৈত ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী একদিকে বিশ্বব্যাংককে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বলছেন আবার অন্যদিকে বিশ্বব্যাংকের কাছ থেকে অর্থ নেওয়ার জন্য ধরনা দিচ্ছেন।শিক্ষাঙ্গনে অস্থিরতা প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দলীয় ও আত্মীয়করণের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আর প্রধানমন্ত্রীর একগুঁয়েমির কারণে বুয়েটের চলমান সংকট সমাধান হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। আজকের এ সেমিনারে বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মোস্তাহিদুর রহমান প্রমুখ।