আবুল হোসেন দেশপ্রেমিক নন, টাকাপ্রেমিক: খালেদা
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেছেন, সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন দেশপ্রেমিক নন, টাকাপ্রেমিক। তিনি দেশের কোনো কাজ করেননি। তাঁর কারণেই দেশের বিভিন্ন সড়কের এমন বেহাল দশা। আজ শনিবার জাতীয় সংসদের এলডি হলে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে খালেদা জিয়া এ কথা বলেন। ইফতারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসন বলেন, ঈদের পর আন্দোলনের নতুন কর্মসূচি দেওয়া হবে। ধীরে ধীরে সেই আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করা হবে। তিনি এই আন্দোলনে ১৮-দলীয় জোট ও জোটের বাইরের সব রাজনৈতিক দলকে শামিল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। এ জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। এরা জানে, দুর্নীতি করে যে সম্পদ করেছে, তার জবাব মানুষ দেবে। কেননা, দুর্নীতির অর্থ ভোগ করা যায় না।’ খালেদা জিয়া আরও বলেন, ‘সরকার ভাঁওতাবাজি করছে। এরা দেশের মানুষকে নানাভাবে বিভ্রান্ত করছে। এদের কারণে মানুষ অতিষ্ঠ। প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাঁর আত্মীয়স্বজন, সরকারদলীয় লোকেরা দুর্নীতির সঙ্গে জড়িত। এই দুর্নীতির কারণে দাতা সংস্থাগুলো সাহায্য-সহায়তা বন্ধ করে দিয়েছে।’ তিনি অভিযোগ করেন, সরকার বিচারালয়কে দলীয় আদালতে পরিণত করেছে।