আবুল হোসেন যা বললেন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, পদ্মা সেতু নির্মাণে কোনো ধরনের দুর্নীতি হয়নি। এই সেতু প্রকল্পটি দেশীয় ষড়যন্ত্র ও বিশ্ব রাজনৈতিক কূটচালের শিকার হয়েছে। তিনি বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে কোনো স্তরে কোনো অনিয়ম করিনি। অবৈধ কাজেরও প্রশ্রয় দিইনি। কারও দ্বারা প্রভাবিত হইনি। এর প্রতিটি স্তরে স্বচ্ছতা, সততা, জবাবদিহিতা ও ইনটিগ্রিটি শতভাগ নিশ্চিত করা হয়েছে।’বিশ্বব্যাংক গতকাল শনিবার পদ্মা সেতুর অর্থায়ন বাতিল করার পর সৈয়দ আবুল হোসেন আজ রোববার এক বিবৃতিতে এ কথা বলেন। খবর বাসসের।সৈয়দ আবুল হোসেন বলেন, পদ্মা সেতু নির্মাণে সর্বোচ্চ স্বচ্ছতা ও সততার সঙ্গে কাজ করা সত্ত্বেও বিশ্বব্যাংক যে যুক্তিতে এই ঋণচুক্তি বাতিল করে বাংলাদেশের ওপর দোষারোপ করেছে তা অপ্রত্যাশিত ও অত্যন্ত দুঃখজনক ঘটনা।মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের পদ্মা সেতুর অর্থায়ন বাতিল করার ঘটনা দেশের বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত বিব্রতকর ও হতাশাজনক ঘটনা হিসেবে পরিগণিত হয়েছে। এতে পরামর্শক নিয়োগের ক্ষেত্রেও বাংলাদেশ সরকারের কোনো অনিয়ম ও দুর্নীতি পাওয়া যাবে না—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের কোনো পর্যায়েই কোনো দুর্নীতি হয়নি। বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট হয়তো এ ব্যাপারটি অনুধাবন করে বাংলাদেশে দুদকের তদন্ত এবং কানাডায় বিচারকাজ শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে ঋণচুক্তিটি বাতিল করে দিয়ে যান।সম্ভাব্য দুর্নীতির আশঙ্কায় ঋণচুক্তি বাতিলের ঘটনা বিশ্বব্যাংকের ইতিহাসে নজিরবিহীন ও অনভিপ্রেত উল্লে¬খ করে আবুল হোসেন বলেন, এর মাধ্যমে বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রতি চরম অবিচার করা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন ব্যক্তি ও মহলের অসত্য অভিযোগের অজুহাতে বিশ্বব্যাংক পদ্মা সেতুর নির্মাণকাজ তিন বছর পিছিয়ে দিয়েছে।মন্ত্রী বলেন, দুদক পদ্মা সেতুর মূল কাজের বিষয়ে তদন্ত করে দুর্নীতি হয়নি বলে যে প্রতিবেদন বিশ্বব্যাংককে দিয়েছে, তা তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। বর্তমানে বিশ্বব্যাংক কেবল পরামর্শক নিয়োগের ক্ষেত্রে অধিকতর তদন্তের দাবি করে আসছে এবং সে ব্যাপারে তারা কানাডীয় পুলিশের প্রাপ্ত কিছু কাগজপত্র সরকার ও দুদকের কাছে পাঠিয়েছে। যার ভিত্তিতে দুদক এখন তদন্ত শুরু করছে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তার রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে অত্যন্ত স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়া শুরু করে। প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের ভূমি অধিগ্রহণসহ পুনর্বাসন কাজ সততা ও দ্রুততার সঙ্গে সম্পাদন করা হয়। এ জন্য বিশ্বব্যাংক এবং অন্য তিনটি দাতা সংস্থা সরকারের এ কাজের ভূয়সী প্রশংসা করে।বিবৃতিতে আবুল হোসেন আরও বলেন, বিশ্বব্যাংকের অভিযোগকৃত পরামর্শক নিয়োগ প্রক্রিয়াও স্বচ্ছতা ও সততার সঙ্গে সম্পাদন করা হয় এবং এর প্রতিটি স্তরে বিশ্বব্যাংকের অনুমোদন নিয়ে প্রকল্পের পরবর্তী কাজ শুরু করা হয়।সৈয়দ আবুল হোসেন দুদকের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পদ্মা সেতুর মূল কাজের মতো বিশ্বব্যাংকের অভিযোগকৃত নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগ কার্যক্রমও যেন তারা নিরপেক্ষভাবে তদন্ত সম্পন্ন করে তা দেশবাসীকে অবহিত করে বিশ্বব্যাংককে এই পদক্ষেপ সম্পর্কে জানানোর ব্যবস্থা করে।এ প্রসঙ্গে মন্ত্রী দেশের সংবাদমাধ্যমকে পদ্মা সেতু-সম্পর্কিত প্রতিবেদন প্রকাশে অধিকতর তথ্যনির্ভর, যুক্তিপূর্ণ, নির্মোহ ও নিরপেক্ষ থাকার অনুরোধ জানান। এ ক্ষেত্রে তিনি অহেতুক, অনুমান-নির্ভর ও মনগড়া প্রতিবেদন দিয়ে তাকে এবং দেশকে বিতর্কিত করা থেকে বিরত থাকার জন্যও সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানান।