পদ্মা সেতুর পরামর্শক নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ব্যাপারে আজ বুধবার বিকেলে তাঁকে চিঠি পাঠানো হয়েছে। দুদক সুত্র জানায়, মূলত তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে পদ্মা সেতুর পরামর্শক নিয়োগপ্রক্রিয়ায় তাঁর সম্পৃক্ততা এবং বিশ্বব্যাংকের উত্থাপিত দুর্নীতির অভিযোগ সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা গ্রহণ করা হবে।সূত্র জানায়, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে গত বছরের সেপ্টেম্বরে প্রাথমিকভাবে পাওয়া অভিযোগ ও কিছু কাগজপত্র হাতে পাওয়ার পর তা অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত নেয় কমিশন। এ ক্ষেত্রে অনুসন্ধানের কাজ দুই ভাগে বিভক্ত করা হয়। একটি হলো পদ্মা সেতুর কাজে ঠিকাদার নিয়োগ ও অপরটি পরামর্শক নিয়োগপ্রক্রিয়া-সংক্রান্ত অনুসন্ধান। সিদ্ধান্ত অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগে দুর্নীতির ঘটনা অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীকে। এ ছাড়া সেতু প্রকল্পের জন্য পরামর্শক নিয়োগপ্রক্রিয়ার বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় সহকারী পরিচালক মির্জা জাহিদুল ইসলামকে।দায়িত্ব পেয়ে উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকেও জিজ্ঞাসাবাদ করেন। তদন্তে যোগাযোগমন্ত্রী থাকাকালে সৈয়দ আবুল হোসেন কীভাবে ক্ষমতার অপব্যবহার করে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনালের মাধ্যমে দুর্নীতির চেষ্টা করেছেন, সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও জবানবন্দি নেওয়া হয়েছে। সার্বিক সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ শেষে আবুল হোসেনকে অব্যাহতি দিয়ে গত জানুয়ারিতে দুদকের সংশ্লিষ্ট শাখায় প্রতিবেদনটি পেশ করা হয়েছে। কমিশন তা অনুমোদন করে। তবে পরামর্শক নিয়োগে দুর্নীতির অনুসন্ধান চলমান থাকে। পরে এ অনুসন্ধান টিমে উপ-পরিচালক শিবলীকেও যুক্ত করে কমিশন।