আবুল হোসেনকে সুবিধামতো স্থানে জিজ্ঞাসাবাদ করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর পরামর্শক নিয়োগের অনিয়ম প্রসঙ্গে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে তাঁর সুবিধামতো স্থানে জিজ্ঞাসাবাদ করা হবে। পদ্মা সেতু নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান বিভাগের সূত্র এ তথ্য জানায়। দুদক সূত্র জানায়, মন্ত্রী আবুল হোসেন যেখানে বা যে স্থানে চাইবেন, সেখানেই অনুসন্ধান দল তাঁর সঙ্গে বসবে। এ ব্যাপারে গোপনীয়তাও রক্ষা করা হবে। উল্লেখ্য, পদ্মা সেতু নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগে প্রাক-যোগ্যতা যাচাই প্রক্রিয়া নিয়ে অনুসন্ধানের সময় দুদকের তদন্ত দল বিশেষ গোপনীয়তায় সৈয়দ আবুল হোসেনের সঙ্গে যোগাযোগ মন্ত্রণালয়ে বসেন। এ-সম্পর্কে দুদক চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ-সংক্রান্ত দুর্নীতি-অনিয়মের তদন্তে দুদকের কমিটি যদি মনে করে মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাহলে তাঁকেও জিজ্ঞাসাবাদ করতে পারে। সেটা যে দুদক কার্যালয়েই করতে হবে এমন কোনো কথা নেই, যেকোনো জায়গায় গিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারেন। উল্লেখ্য, পদ্মা সেতুর অর্থ জোগানদাতা বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে গত বছরের ১১ অক্টোবর তাদের অর্থায়ন স্থগিত করে। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক দেখা দিলে তা খতিয়ে দেখতে দুদককে দায়িত্ব দেওয়া হয়। পরে এ বিষয়ে দুইটি পৃথক তদন্ত কমিটি গঠন করে অনুসন্ধান শুরু করে দুদক।গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে দুদকের ব্যাখ্যা: আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক বলেছে, বিশ্বব্যাংক পরামর্শক নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ-সংক্রান্ত কিছু তথ্য কমিশনকে দিয়েছে। এতে সুনির্দিষ্টভাবে কয়েকজনের নাম উল্লেখ রয়েছে। কিন্তু তদন্তের এ পর্যায়ে নাম প্রকাশ করা আইনত ঠিক না।ব্যাখ্যায় আরও বলা হয়েছে, পরামর্শক সংস্থার কাছ থেকে ওই সব ব্যক্তি ঘুষ দাবি করেছেন, তদন্তাধীন সময়ে এ ধরনের উপসংহারে আসাও ঠিক নয়। তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যে কমিশন কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে।ব্যাখ্যায় জানানো হয়েছে, কমিশনের পক্ষ থেকে কানাডীয় তদন্ত সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। কানাডীয় তদন্ত সংস্থা দুদককে সাহায্য করবে বলে জানিয়েছে। যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ শেষে অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পদ্মা সেতু নির্মাণ একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে অভিযোগ ওঠা অস্বাভাবিক নয়। আর প্রতিটি পর্যায়ে পরিপূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়া প্রয়োজন। তাই কমিশন প্রতিটি অভিযোগই গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেবে।