আবুল হোসেনের অধীনে যাচ্ছে বিটিআরসি!
সৈয়দ আবুল হোসেনের অধীনে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আনার চিন্তাভাবনা করছে সরকার।দুর্নীতির অভিযোগে সৈয়দ আবুল হোসেনকে সরকার সরিয়ে দিলেও এখন তাঁর অধীনেই যাচ্ছে দেশের গুরুত্বপূর্ণ একটি সংস্থা। এই সংস্থার আওতায় রয়েছে দেশের সব কটি মুঠোফোন কোম্পানিসহ টেলিযোগাযোগ-সংশ্লিষ্ট সব ধরনের প্রতিষ্ঠান। বিপুল পরিমাণ রাজস্ব এই খাত থেকে সরকার পায় এবং এসব প্রতিষ্ঠানে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে থাকে।সদ্যই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তাঁকে দায়িত্ব দেওয়ার আগে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি মন্ত্রণালয়কে দুই ভাগ করা হয়। এরপরই বিটিআরসিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়ে যাওয়ার কথাবার্তা শুরু হয়। তবে এ সিদ্ধান্ত কতটা ফলপ্রসূ হবে এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল এক সূত্র প্রথম আলোকে জানায়, এ নিয়ে সরকারের উচ্চপর্যায়ে চিন্তাভাবনা চলছে।তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বিটিআরসিকে অন্তর্ভুক্ত করা নিয়ে গতকাল বুধবার দিনব্যাপী ব্যাপক আলোচনা হয়। এ নিয়ে সচিবালয়ে, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ও বিটিআরসি ভবনে ছিল নানা ধরনের গুঞ্জন। এ প্রসঙ্গে জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই শুনিনি। আর প্রজ্ঞাপন জারি হলে তা সবাই জানবেন।’এ নিয়ে আশঙ্কা প্রকাশ করে আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান বলেন, ‘বিটিআরসি টেলিযোগাযোগ খাতের সবকিছুর নিয়ন্ত্রণ করে। এখন টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসিকে যদি আলাদা করা হয়, তবে বিষয়টি হবে হূৎপিণ্ড ছাড়া মানুষ, যার কোনো মূল্য নেই।’ তিনি বিটিআরসিকে স্বাধীনভাবে কাজ করতে দিতে অনুরোধ জানান।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, এ ধরনের কাজ করা হলে তা টেলিযোগাযোগ খাতের জন্য মঙ্গল হবে না। কারণ, বিভিন্ন ধরনের লাইসেন্সপ্রাপ্ত ৭০০/৭৫০ প্রতিষ্ঠান প্রতিদিন বিভিন্ন কাজে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আসত। পরে কিছু দায়িত্ব বিটিআরসিকে দেওয়ার পরে এ চাপ কমেছে। আর তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় একীভূত হলে লাভ হতো। কিন্তু বিটিআরসি আর টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে আলাদা করে কোনো লাভ হবে না।প্রায় তিন বছর যোগাযোগমন্ত্রী থাকাকালে সড়ক-মহাসড়কের বেহাল অবস্থা এবং সর্বশেষ পদ্মা সেতুর দুর্নীতি বিষয়ে ব্যাপক সমালোচিত হন সৈয়দ আবুল হোসেন। বিশ্বব্যাংক তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে গত সেপ্টেম্বর মাসে পদ্মা সেতু প্রকল্পে অর্থ ছাড় স্থগিত করে রাখে। সর্বশেষ গত রোববার (৪ ডিসেম্বর) তাঁকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়।