আবুল হোসেনের পদত্যাগপত্র অবশেষে গৃহীত
পদ্মা সেতু নিয়ে বহুল আলোচিত মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগপত্র অবশেষে গৃহীত হয়েছে। পদত্যাগের এক মাস পর গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সাবেক যোগাযোগ এবং বর্তমান তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন। তবে গত ২৩ জুলাই থেকে তাঁর পদত্যাগ কার্যকর করা হয়েছে।গতকাল এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ২৩ জুলাই, ২০১২ তারিখে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সংবিধানের ৫৮ (১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী ২৩ জুলাই থেকে সৈয়দ আবুল হোসেনের মন্ত্রীর পদ শূন্য হয়েছে।সৈয়দ আবুল হোসেন আওয়ামী লীগ সরকারের দুই দফায় দুবার মন্ত্রী হয়েছিলেন। দুবারই তাঁকে পদত্যাগ করতে হলো। ১৯৯৬-২০০১ মেয়াদে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। দুটি পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণের দায়ে তাঁর মন্ত্রিত্ব যায়। আর এবার গেল পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে।সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করলেও গতকাল পর্যন্ত অন্য কাউকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, কার্যবিধি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে সরকারের ওপর বিশ্বব্যাংকের চাপ ছিল। বিশ্বব্যাংকের শর্ত মেনেই ২৩ জুলাই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। এ ছাড়া ছুটিতে পাঠানো হয় সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে। তিনি সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন। পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক ঋণচুক্তি অব্যাহত রাখতে মন্ত্রীসহ কয়েকজন সরকারি কর্মকর্তার নাম দিয়ে তাঁদের ছুটিতে পাঠানোর শর্ত দিয়েছিল। এই শর্তের কথা চিন্তা করেই নতুন করে আলোচনা শুরুর ক্ষেত্র তৈরির অংশ হিসেবে আবুল হোসেনকে সরে যেতে বলা হয়। সরকারের ভেতর থেকেও এ জন্য চাপ ছিল। ২৩ জুলাই রাতে সৈয়দ আবুল হোসেন প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার আগে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে তাঁর বক্তব্য সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করেন। তাঁর বক্তব্যে পদত্যাগ করার ইঙ্গিত ছিল। অর্থমন্ত্রী ২২ জুলাই সাংবাদিকদের বলেছিলেন, ‘বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর গোল্ডস্টেইনের দেওয়া চার প্রস্তাবের মধ্যে চতুর্থটি মেনে নেওয়া একটু অসুবিধা ছিল। আমরা চেষ্টা করছি, এটাও কীভাবে সমাধান করা যায়।’ অর্থমন্ত্রী বলেন, ‘তা-ই যদি হয়ে যায়, তাহলে শিগগিরই আমরা শুরু করতে পারি।’ চতুর্থ শর্তটি ছিল, তদন্ত চলাকালে সরকারি দায়িত্ব পালন থেকে সরকারি ব্যক্তি অর্থাৎ আমলা ও রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ছুটি দেওয়া।সরকারি সূত্রগুলো মনে করছে, সাবেক যোগাযোগমন্ত্রী ও সাবেক সেতু সচিবের বিদায়ের ফলে বিশ্বব্যাংকের সঙ্গে নতুন করে আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে। এর আগে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে বিশ্বব্যাংক। এ সময় সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির চেষ্টার অভিযোগ আনা হয়। গত জানুয়ারিতে তাঁকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি নামে একটি নতুন মন্ত্রণালয় করে তার দায়িত্ব দেওয়া হয়।