আবুল হোসেনের পদত্যাগে অমর্যাদার কিছু হবে না
পদ্মা সেতুতে অর্থায়নের বিষয় নিয়ে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবুল হোসেনকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, দেশের স্বার্থেই তাঁর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।বিবৃতিতে এরশাদ বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে দাতাগোষ্ঠীর শর্ত মতো এই প্রকল্প বাস্তবায়নে তাদের একজন পর্যবেক্ষক রাখার প্রস্তাব সরকারের মেনে নেওয়া উচিত ছিল। ১৬ কোটি মানুষের স্বার্থে এ বিষয়ে সরকারের নমনীয় হওয়ার মধ্যে অগৌরবের কিছু ছিল না।’ একই সঙ্গে এরশাদ বিবৃতিতে উল্লেখ করেন, পদ্মা সেতুর ঋণচুক্তি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, সে প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোনো মন্তব্য করা ঠিক হয়নি। দুদকের মন্তব্য পক্ষপাতদুষ্ট হয়েছে।আবুল হোসেনের পদত্যাগ করা উচিত মন্তব্য করে এরশাদ বলেন, ‘এই পদত্যাগে তাঁর অমর্যাদার কিছু হবে না, বরং জনগণের স্বার্থের বিবেচনায় ইতিহাস তাঁকে স্মরণ করবে। আমি মনে করি, এই দুটি পদক্ষেপ বাস্তবায়ন করে পদ্মা সেতুতে ঋণ প্রদানের বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিশ্বব্যাংকের কাছে সরকার আবারও আবেদন জানাতে পারে।’এরশাদ বলেন, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের ভাগ্যোন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তার প্রয়োজন রয়েছে। বিশ্বব্যাংকের ঋণের সুদের হার মাত্র দশমিক ৭৫ শতাংশ। এত অল্প সুদে আর কোথা থেকেও ঋণ গ্রহণের সুযোগ নেই।জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, পদ্মা সেতুতে অর্থায়নের বিষয় বিশ্বব্যাংকের সঙ্গে যে বিতর্ক এবং অনভিপ্রেত ঘটনার সৃষ্টি হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের গোটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপনে পদ্মা সেতু নির্মাণের আর কোনো বিকল্প নেই। যেকোনো মূল্যে এই সেতু নির্মাণে সরকার এবং দেশবাসীকে উদ্যোগ গ্রহণ করতেই হবে। পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানান এরশাদ।