সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান
আবুল হোসেনের হিসাব, পাসপোর্ট জব্দের দাবি ছিল বিশ্বব্যাংকের
সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুরোধ করেছিল বিশ্বব্যাংক। পদ্মা সেতুর প্রাকযোগ্য প্রতিষ্ঠান নিয়োগে অনিয়ম ও মন্ত্রীর প্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ‘সাইলেন্ট এজেন্ট’ নিয়োগ নিয়ে দুদকের অনুসন্ধানকালে বিশ্বব্যাংক এ অনুরোধ জানায়। কিন্তু দুদক আইনের সীমাবদ্ধতার কারণে এ কাজ করতে পারেনি কমিশন।একইভাবে বর্তমানে দুদকে অনুসন্ধানাধীন পদ্মা সেতুর পরামর্শক নিয়োগের অনিয়মের বিষয়ে বিশ্বব্যাংক দুদককে কিছু তথ্য ও সন্দেহজনক ব্যক্তিদের সুনির্দিষ্ট নাম সরবরাহ করেছে। তবে সবকিছুর পরেও বিশ্বব্যাংক যে অভিযোগে পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করেছে, তা সঠিক বলে মনে করে না দুদক কর্তৃপক্ষ।আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশন চেয়ারম্যান গোলাম রহমান এসব কথা উল্লেখ করে বলেন, ‘কমিশন দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে বিশ্বব্যাংককে সর্বাত্মক সহযোগিতার সম্মতি দিয়েছে। তাদের প্রতিটি অভিযোগই গুরুত্বের সঙ্গে অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় বিশ্বব্যাংক ‘আনসেটিসফেক্টরি রেসপন্স’-এর যে অভিযোগে পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করেছে, তা সঠিক বলে মনে করি না।’কমিশনের সঙ্গে বিশ্বব্যাংকের যে আলোচনা হয়েছে তারপর এ ধরনের সিদ্ধান্ত ‘অযৌক্তিক, অনভিপ্রেত ও অন্যায্য’ বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র বিশ্বব্যাংকের কাছে পাঠানো হবে বলে জানান চেয়ারম্যান।উল্লেখ্য, দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক গত শুক্রবার পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল ঘোষণা করে বিবৃতি দেয়। ২৯০ কোটি মার্কিন ডলারের এই প্রকল্পে বিশ্বব্যাংকের ১২০ কোটি মার্কিন ডলার দেওয়ার কথা ছিল। বাতিলের সিদ্ধান্তের কারণ হিসেবে বিশ্বব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, পদ্মা প্রকল্পে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ তারা পেয়েছে। তবে এসব ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণের বিষয়টি অস্বীকার করেছে দুদক কর্তৃপক্ষ।পদ্মা সেতুর পরামর্শক নিয়োগের ক্ষেত্রে কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের ভাইস প্রেসিডেন্ট রমেশ সাহার নোট বইতে হাতে লেখা ‘পারসেন্টেজ টু বি অ্যালোটেড টু স্পেসিফাইড পারসনস ইজ কানেকশন উইথ দ্য অ্যাওয়ার্ড অব দ্য সিএসসি কনট্রাক্ট’ এবং এ-সংক্রান্ত তথ্যের সঙ্গে সংগতিপূর্ণ নামগুলো সাংকেতিকভাবে লেখা ও তা থেকে একটি সম্ভাব্য তালিকা তৈরি করা হয়েছে। এসব তালিকাসহ বিভিন্ন তথ্য বিশ্বব্যাংক প্রধানমন্ত্রীর জন্য অর্থমন্ত্রীর হাতে এবং কমিশনের কাছে পৌঁছে দেয়।কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান জানান, বিশ্বব্যাংক গত বছর এ প্রকল্পে অর্থায়ন স্থগিত করার পর কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তের উদ্যোগ নেয়। এক দফা তদন্তের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে দুদক এক সংবাদ সম্মেলনে জানায়, মূল সেতু নির্মাণে প্রাকযোগ্য প্রতিষ্ঠান নির্বাচনে কোনো দুর্নীতি হয়নি। প্রসঙ্গত, পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত এখনো চলছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে দাবি করেন গোলাম রহমান। তিনি বলেন, ‘আইনের পরিধির মধ্য থেকে দুদক কথিত দুর্নীতির অভিযোগ বিশ্বস্ততার সঙ্গে অনুসন্ধান এবং বিশ্বব্যাংককে সহযোগিতার পদক্ষেপ নিয়েছে। তাই ঋণচুক্তি বাতিল হওয়া সত্ত্বেও কমিশনের আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।’বিশ্বব্যাংকের অসহযোগিতা: সংবাদ সম্মেলনে উপস্থিত দুদকের আইন উপদেষ্টা আনিসুল হক বলেন, ‘বিশ্বব্যাংক দুদকের তদন্তে কোনো ধরনের সহযোগিতা করেনি। বরং দুদকের তদন্তে হস্তক্ষেপ করতে চেয়েছিল।’ গত ২৩-২৫ জুনে বাংলাদেশে সফরে আসা চার সদস্যের বিশ্বব্যাংকের প্রতিনিধির সঙ্গে একাধিক বৈঠকের বরাত দিয়ে আইন উপদেষ্টা আরও বলেন, ‘তারা কিছু অবাস্তব দাবি জানায়—যেমন সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত থাকা, সন্দেহজনক ব্যক্তিদের ব্যাংক হিসাব তলব, পাসপোর্ট জব্দ ইত্যাদি। এগুলোর কোনোটাই আইনসিদ্ধ নয়।’ এসব দাবি মেনে নিলে আদালতের মুখোমুখি হতে হবে বলে উল্লেখ করেন তিনি। ওই প্রতিনিধিদলে বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন, পরিচালক জ্যাক স্টেইন, ইনটিগ্রিটি ভাইস প্রেসিডেন্সির পরিচালক জেমারমেইন ও একজন আইন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। প্রতিনিধিদের কাছে উপযুক্ত দালিলিক প্রমাণসহ তথ্য চাওয়া হলেও তারা নতুন করে কোনো ধরনের তথ্য দিতে অপারগতা জানায় বলে অভিযোগ করেন কমিশন চেয়ারম্যান গোলাম রহমান। এ সময় আইন উপদেষ্টা আনিসুল হক দাবি করেন, ‘পদ্মা সেতু অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত পাকাপোক্ত করতেই বোধহয় বিশ্বব্যাংকের প্রতিনিধিরা ওই দুই দিনের সফর পরিকল্পনা করেছিল।’ ওই প্রতিনিধিদল সরকারের শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি দুদক চেয়ারম্যান, দুই কমিশনার ও আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। দুদকের সীমাবদ্ধতা: সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আনিসুল হক জানান, বিশ্বব্যাংক দুদকের অনুসন্ধান টিমের সঙ্গে তাদের একটি প্যানেল গঠনের প্রস্তাব দেয়। যে প্যানেল দুদকের অনুসন্ধানে যুক্ত থেকে তদন্ত পর্যবেক্ষণ করবে। দুদক যাঁদের জিজ্ঞাসাবাদ করবে বিশ্বব্যাংকের প্যানেলের সদস্যরাও সেখানে উপস্থিত থাকবেন। তাঁদের এ প্রস্তাবে দুদক রাজি হয়নি বলে জানান তিনি। রাজি না হওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী এর কোনো সুযোগ নেই।’ এ সময় দুদক কমিশনার মো. সাহাবউদ্দিন বলেন, ‘আমরা আমাদের আইনের মধ্য থেকে বিশ্বব্যাংককে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করেছি।’কানাডা পুলিশ তথ্য দেবে না: কানাডীয় রয়েল মাউন্টেড পুলিশ বাংলাদেশে আসেনি জানিয়ে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ‘কানাডীয় তদন্ত সংস্থার সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছিল। তবে তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির কথিত দুর্নীতিতে জড়িত থাকার তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। এ ছাড়া ওই তদন্ত দল বাংলাদেশকে কোনো ধরনের তথ্য-উপাত্ত দেবে না বলে জানিয়ে দিয়েছে।’ তথ্য না দেওয়ার কারণ হিসেবে কানাডা পুলিশের বরাত দিয়ে চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে কোনো কিছু গোপন থাকে না।’