আবৃতার ছোট্ট শরীরটা যে আজ দুঃখের কাফনে আবৃত
আবৃতা পড়ে দ্বিতীয় শ্রেণীতে, উদয়ন স্কুলে। ওর ভাইয়ের নামটাও সুন্দর, হূদয়। ওর ভাই পড়ত মিরপুর কমার্স কলেজে। দুই ভাইবোন, মা-বাবা মিলে সুখের সংসার। মায়ের নাম শিল্পী, বাবার নাম দিদার। ওরা ঢাকায় নিজেদের বাড়িতে থাকে। পাঁচতলা বাড়ি। নিচতলায় গাড়ি রাখার জায়গা। দোতলায় থাকে এক ভাড়াটে পরিবার। তিনতলা, চারতলা, পাঁচতলা মিলে থাকে আবৃতারা আর আবৃতার চাচারা। আবৃতার এক চাচার নাম গুলজার, আরেকজনের নাম ফারুক। আবৃতার চাচাতো ভাইবোনদের সংসার দুটিও তাদের মতোই ছোট। দুই চাচারই দুটো করে ছেলেমেয়ে। মানে আবৃতা, হূদয়, আর তার বাবা আর মা চারজন। তেমনি আবৃতার চাচাতো ভাইবোনদেরও সংসারে চারজন করে সদস্য। বাবা-মা আর দুটি করে সন্তান। ওই বাড়িতে আবৃতার দাদিও থাকেন। দাদা কিছু দিন আগে মারা গেছেন।আবৃতার বাবা দিদার ব্যবসা করেন। চাচারাও। বাবা আর দুই চাচা ৩ জুন রাতে বাসায় ছিলেন না। আবৃতা, ভাই হূদয় ও মা শিল্পী বাসায় ছিলেন। তেমনি আবৃতার দুই চাচি বাসায়, চার চাচাতো ভাইবোন বাসায় ছিল। আর ছিলেন দাদি। তাহলে তিন পরিবারের নয়জন আর দাদি। সব মিলে ১০ জন।বাসার নিচতলায় হচ্ছিল রান্নাবান্না। ভাড়াটের বাড়িতে হচ্ছে বাগদানের অনুষ্ঠান। বাগদানকে ওরা বলে পানচিনি। কেউ আবার এনগেজমেন্টও বলে।পোলাওয়ের চাল। বড় বড় ডেকিচ। মাংস। রান্নার গন্ধে নিমতলীর ছোট্ট গলির চারপাশটা ম-ম করছিল। সন্ধ্যার দিকে নাকি বিদ্যুৎ ছিল না। একপশলা বৃষ্টি হয়ে গেল। যার বাগদান, সেই কনে গেছেন বিউটি পারলারে, সাজতে। ভাগ্যিস গিয়েছিলেন!হঠাৎই বিদ্যুৎ চলে গেল। তার পরই বিস্ফোরণ। নিচতলার রান্নার আগুন ট্রান্সফরমারে গেল, নাকি ওদের বাসার ঠিক দেয়ালের সঙ্গে রাস্তার ওপরে দাঁড় করিয়ে রাখা ওই বৈদ্যুতিক ট্রান্সফরমারটাই আগে বিস্ফোরিত হলো, সেটা এখন তদন্তাধীন। ওই বাড়ির নিচতলার গাড়ি রাখার জায়গাটায় ছিল অনেক রাসায়নিক দ্রব্য। হয়তো সেগুলো দাহ্যবস্তু ছিল। মুহূর্তের মধ্যে আগুনের দাউ দাউ শিখা উঠে গেল পাঁচতলা পর্যন্ত। পাঁচতলার ছাদে ছিল সামিয়ানা, চেয়ার-টেবিল সাজানো। ওখানেই ওই পানচিনির অনুষ্ঠানের ভোজনপর্ব হওয়ার কথা।আবৃতার নিশ্চয়ই দাওয়াত ছিল। আবৃতার মা শিল্পী তবু কেন যে রান্নাঘরে ছিলেন তখন। মরহুমা শিল্পীর ভাবি রিমি বলছেন (বংশালে মাহুতটুলি সড়কে থাকেন রিমি), শিল্পীই সম্ভবত প্রথম মারা গেছেন। ট্রান্সফরমারটা তাঁর রান্নাঘরের পাশেই।উদয়ন স্কুলে পড়ুয়া আবৃতার জন্য এখন চোখ ভরে জল আসছে। আহারে ছোট্ট বাচ্চাটা! একটা মানুষও নাকি বাঁচতে পারেনি, বেরুতে পারেনি ওই বাসা থেকে! যারা দৌড়ে ছাদে উঠেছিল তারাও মারা গেছে প্রচণ্ড উত্তাপে ঝলসে গিয়ে। অনেকেই ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে মারা গেছেন। আশপাশের কয়েকটা ভবনেও আগুন ছড়িয়ে পড়ে প্রায় সঙ্গে সঙ্গে।আবৃতার বাবা আর দুই চাচা বেঁচে আছেন। আবৃতা নেই। হূদয় নেই। ওর দুই চাচি আর তাঁর সন্তানেরা নেই। দাদিও মারা গেছেন। ওই পানচিনির অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া কেউ বেঁচে নেই।আবৃতার বাড়িটা দেখতে গতকাল গিয়েছিলাম নিমতলীতে। তখন পাড়ার মসজিদে কোরআন শরিফ থেকে তেলাওয়াত ভেসে আসছে মাইকে। সারি সারি লাশ রিকশা-ভ্যানের ওপরে। জানাজা হচ্ছিল। মোনাজাতে দুই হাত তুলেছিল গলিজোড়া ভিড় করা মানুষেরা।গলির মুখেই একজন তরুণকে দেখলাম, কাঁদছেন আরেকজনের কাঁধে মাথা দিয়ে। জানতে পারলাম, তাঁর নাম সবুজ। তিনি তাঁর পরিবারের একমাত্র ব্যক্তি, যিনি বেঁচে আছেন।আরেকটু এগিয়ে গেলাম আবৃতার বাড়ির সামনে। বাড়ির খাঁচাটাই তো শুধু পড়ে আছে। ভেতরে পুড়ে গেছে সব। আবৃতার বিছানা, বালিশ, বইখাতা, বার্বিডল, সাইকেল, রিকশা, আবৃতার মা, ভাই, আবৃতার ছোট্ট শরীর। না, আমি আর সইতে পারছি না!নিচতলায় গ্যারেজের ফাঁক দিয়ে পড়ে আছে রান্নার জন্য রাখা আধা সেদ্ধ চাল, ওই রান্না আর সম্পন্ন হয়নি। ওই রান্নাই কী কাল হলো? নাকি ট্রান্সফরমার? নাকি নিচতলার রাসায়নিক দাহ্যবস্তুগুলো?ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যাই। পরিচালক সামন্তলাল সেনের সঙ্গে দেখা করি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকও ওখানে, উপস্থিত নৌবাহিনীর কর্মকর্তারাও। সামন্তলাল সেন বলেন, ‘বার্ন ইউনিটের ইতিহাসে একসঙ্গে এত অগ্নিদগ্ধ রোগী আমি দেখিনি।’ফিরে আসি। আকাশ ভীষণ কালো। মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। খুব মন খারাপ লাগে। একেকটা সংসার এক লহমায় নেই হয়ে যেতে পারে এভাবে! আগুনে পুড়ে এভাবে শতাধিক মৃত্যু। শত শতের অগ্নিদহন।কী ভীষণ একটা মরণফাঁদই না আমরা বানিয়েছি বসবাসের জন্য, এই ঢাকা মহানগর। যেখানে রাস্তা সরু, গায়ে গা লাগানো অপরিকল্পিত ঘরবাড়ি, রাস্তার ওপরে বাড়ির বারান্দাঘেঁষে অতি বিপজ্জনক বৈদ্যুতিক খোলা তার আর বিস্ফোরণোন্মুখ ট্রান্সফরমার, নিচতলায় কারখানা, রাসায়নিক দ্রব্যের গুদাম, হোটেল-রেস্তোরাঁর খোলা চুল্লি। ভাগ্য ভালো পরশু বৃষ্টি হচ্ছিল। চৈত্রের শুকনো দিনে চড়া বাতাসে এই অগ্নিকাণ্ড ঘটলে পুরো একটা জনপদ ভস্মীভূত হয়ে যেতে পারত।আকাশ থেকে বৃষ্টি পড়ছে। আবৃতার জন্য আকাশ কাঁদছে। স্বজনহারাদের চোখের জল, অনেক রোদন, অগ্নিদগ্ধদের আর্তি এই বৃষ্টিজল ধুয়ে দিতে পারছে না। নির্মলেন্দু গুণের ভাষায়, কতিপয় শব্দের চোখে জল। আমি এই লেখার প্রতিটি অক্ষরের চোখে অশ্রু দেখতে পাচ্ছি।উদয়ন স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়া আবৃতার ছোট্ট শরীরটা যে আজ দুঃখের কাফনে আবৃত!