ধানমন্ডির রবীন্দ্রসরোবরের মুক্তমঞ্চে আজ অনুষ্ঠিত হবে শিমুল মুস্তাফার একক আবৃত্তির অনুষ্ঠান ‘আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস’। অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। আয়োজন করেছে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। সার্বিক সহযোগিতায় রয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। এই অনুষ্ঠান নিয়ে কথা হলো শিমুল মুস্তাফার সঙ্গে।অনুষ্ঠানের শিরোনাম ‘আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস’ কেন?সৈয়দ শামসুল হকের কবিতা ‘আমার পরিচয়’ থেকে লাইনটি নিয়েছি। কবি এখানে তুলে ধরেছেন ২০০ বছরের ইতিহাসে বাঙালি কখনোই আপস করেনি। বিজয়ের ৪০ বছর পূর্তির এই মুহূর্তে ‘আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস’ লাইনটি আমার কাছে খুব বেশি যথার্থ বলে মনে হয়েছে। আপনি তো গত বছরও একই ধরনের অনুষ্ঠান করেছিলেন।হ্যাঁ, গত বছর ডিসেম্বর মাসে, এই রবীন্দ্রসরোবরের মুক্তমঞ্চে। সেদিন বিরতিহীনভাবে পাঁচ ঘণ্টায় ৮২টা কবিতা পড়েছিলাম। অনেক দর্শক এসেছিলেন। আজও পাঁচ ঘণ্টা আবৃত্তি করব। তবে কবিতা পড়ব ৭১টা। আর এই কবিতাগুলো নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর এবং গত শতকের আশির দশকের কবিদের লেখা থেকে। আর একটি কথা, এখন থেকে প্রতিবছর ডিসেম্বর মাসে আমি এই অনুষ্ঠান করব।কবিতা আবৃত্তির অনুষ্ঠান সাধারণত মিলনায়তনেই বেশি হয়। আপনি মুক্তমঞ্চ বেছে নিলেন কেন?সাধারণ শ্রোতা—যাঁরা আবৃত্তি পছন্দ করেন, আমি তাঁদের জন্য আবৃত্তিকে মিলনায়তন থেকে বাইরে নিয়ে এসেছি। আমরা চাই, সুস্থধারার একটি অনুষ্ঠান যেন পরিবারের সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারেন। তার পরও আমরা কিছু আমন্ত্রণপত্র দিয়েছি। তাতে লিখেছি, ‘অনুগ্রহ করে আপনার পরিবারের শিশুদের সঙ্গে আনবেন।’ পরবর্তী প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই বাক্যটি লেখা হয়েছে। ঢাকার বাইরের শ্রোতাদের জন্য কিছু ভেবেছেন?আগামী বছর ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের ডিসি হিলে একই ধরনের অনুষ্ঠান করব। পয়লা ফাল্গুন উদ্যাপন উপলক্ষে উৎসব হবে। সেখানে পাঁচ ঘণ্টা আবৃত্তি করার পরিকল্পনা আছে