আবৃত্তির আলাদা শ্রোতা তৈরি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তক পদাবলী আজ শনিবার আয়োজন করেছে লায়লা আফরোজের একক আবৃত্তির অনুষ্ঠান ‘আমি নইলে মিথ্যা হ’ত সন্ধ্যাতারা-ওঠা’। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। অনুষ্ঠানটি নিয়ে বললেন লায়লা আফরোজ। আজ আপনার একক আবৃত্তির অনুষ্ঠান হবে। অনুষ্ঠানটি নিয়ে কী পরিকল্পনা করেছেন?আমার এই অনুষ্ঠানের মূল বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথকে উপলক্ষ করেই পুরো অনুষ্ঠানটি সাজিয়েছি। অনুষ্ঠানের দুটি পর্ব হবে। প্রথম পর্বে আমি রবীন্দ্রনাথের কবিতা এবং রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ-পরবর্তী কবিদের লেখা কবিতা আবৃত্তি করব। আর দ্বিতীয় পর্বে রবীন্দ্রনাথের ইংরেজি গীতাঞ্জলি থেকে আবৃত্তি করব। ‘গীতাঞ্জলি’র তো বেশির ভাগই গান হিসেবে খুব পরিচিত। ঠিকই বলেছেন। আমি তো বলব নব্বই ভাগই গান। আর এগুলো খুব পরিচিত। অনুষ্ঠানে আমি যেগুলো আবৃত্তি করব, সেগুলো গেয়ে শোনাবেন মহীউজ্জামান চৌধুরী। আসলে দর্শক-শ্রোতাদের গানের রূপটা মনে করিয়ে দেওয়ার জন্যই গানগুলো গাওয়া হবে। এখন তো রবীন্দ্রনাথের কবিতা আর গান নিয়ে নানা ধরনের নিরীক্ষা হচ্ছে। আমিও সে রকমই একটু চেষ্টা করেছি। ‘গীতাঞ্জলি’র ইংরেজি অনুবাদ আবৃত্তি করার ইচ্ছা হলো কেন?আগামী বছর ইংরেজি গীতাঞ্জলি রচনার শতবর্ষ পূর্ণ হবে। তার আগে ‘আমি নইলে মিথ্যা হ’ত সন্ধ্যাতারা-ওঠা’ অনুষ্ঠানটি আমার ক্ষুদ্র কবি-প্রণাম।এটা আপনার কততম একক আবৃত্তির অনুষ্ঠান?তৃতীয়। প্রথমটি ছিল ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে ‘তামাটে এক দ্রাবিড় গ্রিয়ট’ (১৯৯৬), দ্বিতীয়টি কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ‘দিনের শেষে’ (২০০১)। আমার স্বামী আবৃত্তিশিল্পী হাসান আরিফের সঙ্গেও দ্বৈত আবৃত্তির অনুষ্ঠান করেছি। প্রথমটি কলকাতার জ্ঞানমঞ্চে ‘যুগলসন্ধি’ (১৯৯৯) এবং আরেকটি বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছিল ‘এবং রবীন্দ্রনাথ’ (২০০৩)। অনুষ্ঠানটি দেখছি দর্শনীর বিনিময়ে আয়োজন করা হয়েছে। টিকিট কেটে আবৃত্তির অনুষ্ঠান উপভোগ করার ব্যাপারে দর্শকদের আগ্রহ কেমন মনে হয়?খুবই ভালো। আমাদের অন্য অনুষ্ঠানগুলোর অভিজ্ঞতা থেকে বলতে পারি, অনেকেই টিকিট না পেয়ে ফিরে যান। আসলে যাঁরা আবৃত্তির প্রকৃত শ্রোতা, তাঁরা যেন ভালোভাবে অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন, এ জন্যই এমনটা করা হয়েছে। আর আবৃত্তির কিন্তু আলাদা শ্রোতা তৈরি হয়েছে। এটা খুব ইতিবাচক দিক।