আবেগ নেই, স্বপ্ন আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজির কান ফাটানো শব্দ থেমে গেছে। প্রেমাদাসার টইটম্বুর গ্যালারির শেষ দর্শকটিও চলে গেছে অনেক আগেই। ড্যানিয়েল ভেট্টোরির সংবাদ সম্মেলন শেষে পেরিয়ে গেছে অনেকটা সময়। কিন্তু কুমার সাঙ্গাকারার দেখা নেই। নেই তো নেই-ই। প্রেমাদাসার সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের অপেক্ষা কেবল বাড়ছেই। সবাই মোটামুটি নিশ্চিত, বেশ বড়সড় উদ্যাপন হচ্ছে শ্রীলঙ্কার ড্রেসিংরুমে। টানা দ্বিতীয় ফাইনাল বলে কথা!অবশেষে এলেন শ্রীলঙ্কান অধিনায়ক ও সেমিফাইনালের ম্যাচ-সেরা। এত লম্বা উদ্যাপন, এখানেও নিশ্চয়ই পাওয়া যাবে অন্য সাঙ্গাকারাকে? কিসের কী! সংবাদ সম্মেলনে সেই চিরচেনা ‘কেতাদুরস্ত’ সাঙ্গাকারাই, যিনি আবেগের পায়ে বেড়ি পরাতে জানেন। জানেন উচ্ছ্বাসকে দমিয়ে রাখতে। সেমিফাইনাল জয়ের আনন্দের পাশাপাশি তাঁর মনে পড়ছে ফাইনালের দায়িত্বের কথা, ‘এই জয় আমাদের কাছে অনেক, অনেক কিছু। দুই বছর ধরে আমরা বিশ্বকাপের জন্য পরিকল্পনা করছি। ২০০৭ বিশ্বকাপে আমরা দারুণ এক সুযোগ হারিয়েছিলাম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সুযোগটা আমরা আবার পাচ্ছি। আমাদের পা মাটিতেই রাখতে হবে। আগামী তিন দিন কঠোর পরিশ্রম করতে হবে। কারণ সামনে আমাদের সবার জীবনের সবচেয়ে বড় ম্যাচ।’ম্যাচের প্রথম ভাগটা অনুসরণ করেছে এই মাঠের কোয়ার্টার ফাইনালটিকেই। মোটামুটি ভালো শুরু ও একপর্যায়ে বেশ ভালো অবস্থানে থাকার পরও ইংল্যান্ডের (২২২) মতোই খুব বেশি রান করতে পারেনি নিউজিল্যান্ডও (২১৭)। তবে কিউইদের ইংলিশদের মতো করে উড়িয়ে দিতে পারেনি শ্রীলঙ্কা। উড়িয়ে দেওয়ার পথেই ছিল, কিন্তু ৯ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে কিছুটা প্রাণ ফিরিয়ে আনেন সাউদি-ম্যাকাইরা। একটা দিক থেকে অবশ্য এতে শ্রীলঙ্কার লাভই হয়েছে। টপ অর্ডারদের দুরন্ত ফর্মের কারণে শ্রীলঙ্কার মিডল অর্ডার খুব বেশি ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছিল না। ফাইনালের আগে কাঙ্ক্ষিত ম্যাচ প্র্যাকটিসটা হয়ে গেল!বিশ্বকাপে সাঙ্গাকারার প্রায় প্রতিটি সংবাদ সম্মেলনেই প্রশ্ন হয়েছে মিডল অর্ডারের দুর্বলতা নিয়ে। চামারা সিলভা আবারও ব্যর্থ হলেও সামারাবীরা-ম্যাথুসরা প্রয়োজনের সময় ঠিকই নিজেদের মেলে ধরেছেন। টপাটপ গুটিকয়েক উইকেট পড়ায় আখেরে ‘লাভ’ হয়েছে, স্বাভাবিকভাবেই স্বীকার করছেন না সাঙ্গাকারা। তবে মিডল অর্ডারের প্রশংসাই করলেন, ‘ওরাই আমাদের ম্যাচটা জিতিয়েছে, খুব টেনশনের মুহূর্তেই ওরা নিজেদের মেলে ধরেছে। ওদের ওপর আমার বরাবরই আস্থা ছিল।’‘দেশের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় ক্রিকেট ম্যাচে এমন জয়’—এই প্রসঙ্গ আসতেই অবশ্য যেন কিছুটা আবেগ বেরিয়ে এল। যাঁরা ভাবেন এই যুগের ক্রিকেটাররা আইপিএল, অর্থের কাছে জিম্মি, যাঁরা ভাবেন দেশের প্রতি এখনকার ক্রিকেটারদের দরদ খুব বেশি নেই, তাঁদের জন্য সাঙ্গাকারার জবাব, ‘প্রতিটি ম্যাচ আমরা দেশের জন্য খেলি। শুধু এই একটা কারণেই আমরা ক্রিকেটটা খেলি। লোকে আইপিএলের কথা বলে, অর্থের ছড়াছড়ির কথা বলে। কিন্তু তারা দেখে না, দেশের হয়ে খেলার সময় আমরা কতটা গর্ব করি। আমাদের ড্রেসিংরুমে যান, দেখতে পাবেন প্রতিটি সিটের সঙ্গে জাতীয় পতাকা আছে।’ফাইনালটা খেলতে যাচ্ছেন আইপিএলের দেশে। সেই দেশ থেকে বিশ্ব শিরোপা নিয়ে ফিরতে পারলে সাঙ্গাকারাকে আবার মুখে কিছু বলতে হবে না। সবাই উত্তর পেয়ে যাবে। আর জিততে না পারলে, হয়তো ফিসফাসগুলোই আরও জোরেশোরে শোনা যাবে!