আবেগই টেনে নিয়ে গেছে তাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মিরপুর এলাকায় নরপিশাচের মতো হামলে পড়েছিল কাদের মোল্লার নেতৃত্বে হায়েনার দল। তাদের বর্বরতার শিকার হয়ে এই মিরপুরের মাটিতেই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শুয়ে আছেন এ দেশের মেধাবী সন্তানেরা। তাই গণজাগরণ মঞ্চের সমাবেশস্থলে আবেগই আমাকে টেনে নিয়ে এসেছে।’ জলভেজা চোখে প্রথম আলো ডটকমকে এসব কথা বলেন মিরপুরের সমাবেশে আসা শেখ শরিকুল হক। তিনি বলেন, ‘কাদের মোল্লাদের হিংস্রতার শিকার আমি নিজেও। কিন্তু কসাই কাদের যে রকম নিষ্ঠুরতা চালিয়েছিল, বিচারের রায় অপরাধের তুলনায় কিছুই না।’মিরপুর সমাবেশে উপস্থিত আরেকজন হাফসা হেলাল রাগত স্বরে প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার নানা সাংবাদিক আবু তালেবকে মিরপুরেই হত্যা করা হয়। জল্লাদখানার কুয়ার ভেতর তাঁর মতো হাজারো মানুষের ক্ষতবিক্ষত মরদেহ ফেলে রেখেছিল কাদের মোল্লার দলবল। সে জন্যই ফাঁসির দাবি ছাড়া আমি আর কি অন্য কিছু চাইতে পারি!’আজ সোমবার বিকেলে লাখো মানুষের স্লোগানে মুখরিত মিরপুর ১০ নম্বর গোলচত্বরে দাঁড়িয়ে অনেকেই জানান তাঁদের এমন সব ক্ষোভের কথা, নিজেদের যন্ত্রণা আর স্বজন হারানোর বেদনার কথা। শেখ শরিকুল হক বলেন, যুদ্ধ শুরুর পরপরই মিরপুর জল্লাদখানার সামনে তাঁর ওপর হামলা চালায় বিহারিরা। গলায় ধারালো অস্ত্র দিয়ে প্রায় জবাই করা হয়। মৃত ভেবে ফেলে রাখা হয় শরিকুল হককে। কিন্তু অনেকটা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান তিনি। তবে গণজাগরণে আজ যেন আবার হারানো যৌবন ফিরে পেয়েছেন ষাট ছুঁই ছুঁই শরিকুল হক। ফাঁসির দাবিতে রাজপথে গর্জে ওঠা জনতার ঢলে লড়াইয়ে শক্তি পেয়েছেন তিনি। শরিকুল বলেন, ‘এত যে লোক হবে, তা ভাবতেই পারিনি। তবে কাদের মোল্লা, নিজামী, সাঈদী, সাকাদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না।’ সোমবার বেলা তিনটার দিকে সমাবেশ শুরুর আগেই চারদিক থেকে স্রোতের মতো আসা জনতার ঢল মিলেমিশে একাকার হয়েছিল মিরপুর ১০ নম্বর গোলচত্বরে। এই স্রোত ছড়িয়ে পড়ে প্রায় মাইল দুয়েক এলাকায়। মিরপুরের সবাই ঘর ছেড়ে নেমেছিল রাস্তায়। জনস্রোতের এই ঢলে যেমন ছিলেন প্রবীণ-নবীনেরা, তেমনি ছিল স্কুল-কলেজ পড়ুয়া কিশোর-কিশোরীর দল, যারা মুক্তিযুদ্ধ দেখেনি। তবে তাদেরও ইচ্ছার কমতি নেই। মুক্তির চেতনা সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেতনায় সক্রিয় তারা। মিরপুরে জনতা কেবল স্লোগান দিয়ে যুদ্ধাপরাধীদের প্রতি ক্ষোভ জানায়নি, পুড়িয়েছে রাজাকারের কুশপুত্তলিকা। পোড়া ধোঁয়া ক্ষোভ হয়ে ছড়িয়েছে মিরপুরের আকাশে, মিশেছে বাতাসে।