আবেদন করলে মান্নান ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুতর অসুস্থ বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়া বা তাঁর পক্ষে কেউ আবেদন করলে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার হতে পারে। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে এ বৈঠক হয়। উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণে এ বৈঠক হলেও তাতে মান্নান ভূঁইয়ার বিষয়টি আলোচনা করা হয়।দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী কারও বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হলে তাঁকে চেয়ারপারসন বরাবরে আবেদন করতে হয়। মান্নান ভূঁইয়া গুরুতর অসুস্থ। তাই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তাঁর পক্ষে কেউ একজন আবেদন করলে তা বিবেচনা করা হবে।চারদলীয় জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী মান্নান ভূঁইয়া টানা ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে তাঁকে দল থেকে বহিষ্কার করেন। বৈঠকে গত বুধবার পুলিশের বাধার মুখে বিএনপির মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দলটি পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করে। আলোচনায় স্থান পায় জামায়াতে ইসলামীর শীর্ষনেতাদের গ্রেপ্তার, বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ, বিএনপির কর্মসূচিতে জামায়াতের অংশগ্রহণের অজুহাতে পুলিশের মারমুখী আচরণ ইত্যাদি। বৈঠকে রোজার আগে দু-একটি কর্মসূচি দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।সালাহ উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার: বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপির চেয়ারপারসন এ সিদ্ধান্ত নিয়েছেন। গত ২৮ জানুয়ারি সালাহ উদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।